অতীতের সম্পর্ক থেকে ক্যাটরিনার শিক্ষা

এরই মধ্যে নতুন বছরের কয়েকটি দিন চলেও গেল। ম্লান হয়ে গেছে বলিউড তারকা ক্যাটরিনা কাইফের বহু অতীত। সেই অতীতের একটি বড় অংশজুড়ে রয়েছে আরেক বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার নীরব তীব্র যন্ত্রণা। এর আগে সালমান খানকে সেই অনুভূতির স্বাদ দিয়েই তিনি রণবীরের সঙ্গে সম্পর্ক শুরু করেছিলেন। সেসব পেছনে ফেলে ভিকি কৌশলের সঙ্গে সুখী হয়েছেন তিনি। বিবাহিত জীবনের প্রথম বছর উদ্‌যাপন করেছেন মহা ধুমধাম করে। বরুণ ধাওয়ানের সঙ্গে অংশ নিয়েছিলেন কফি উইথ করণ অনুষ্ঠানে। সেখানেই কথা বললেন অতীতের সম্পর্ক থেকে জীবনের পাওয়া বড় শিক্ষা নিয়ে। আর সেই অংশটুকুই ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ক্যাটরিনা বলেন, ‘নিজের ভালো থাকা কখনো অন্যের ওপর নির্ভরশীল নয়। যখনোই আমরা মনে করি, ও তো আমাকে সুখে রাখেনি, ও তো আমার জন্য এটা করতে পারত, কিন্তু করেনি। কেন করেনি। আমি তো ওর জন্য ঠিকই করেছি। নিজের ভালো থাকা যখনই আপনি অন্যের কাঁধে চাপিয়ে দেবেন, তখনই আপনি অসুখী হওয়ার চোরাবালিতে পা রাখলেন।’

ভিকি কৌশলের সঙ্গে সুখের সংসার পেতেছেন ক্যাটরিনা

ক্যাটরিনা আরও বলেন, প্রেমের সম্পর্কে কখনোই বড় ধরনের নির্ভরশীলতা থাকা উচিৎ নয়। সেখানে কেবল থাকবে বিশ্বাস, সম্মান, ভালোবাসা, বন্ধুত্ব আর বুক ভরে শ্বাস নেওয়ার খোলা জায়গা। বড় ধরনের নির্ভরশীলতা দুজনের কেউ-ই খুব বেশি দিন বহন করতে পারেন না। ফলে, সম্পর্কের একটা নির্দিষ্ট সময় পর দুজনের কেউ একজন অথবা দুজনই একজন আরেকজনকে হতাশ করবেন। কেননা, একজনকে সুখী করার দায়িত্ব আরেকজন কখনোই খুব বেশি সময়ের জন্য বয়ে বেড়াতে পারেন না। একসময় সেটি ভার হয়ে যায়। তাই ক্যাটরিনা বলেন, ‘নিজের ভালো থাকা নিজের কাছে রাখুন। পারলে সেখান থেকে অন্যকেও ভাগ দিন। কিন্তু অন্যকে ভালো রাখার দায়িত্ব নিতে যাবেন না। প্রতিটা সম্পর্কের নিজস্ব গতি আছে। তাকে সেই স্বাভাবিক গতিতে বইতে দিন।’

সুস্থ্য সুন্দর জীবনের জন্য স্থিতিশীল সম্পর্ক খুবই জরুরি বলে জানান ক্যাটরিনা

আর এভাবেই ক্যাটরিনা ভক্তদের জন্য জানান দিয়েছেন সম্পর্ক নিয়ে তাঁর বোধ।