
বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, নিউইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে দুই দিনব্যাপী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা তাঁদের বিয়ের সঙ্গে সম্পর্কিত হতে পারে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দিন ২ জুলাই ঘনিষ্ঠজনদের নিয়ে একটি রিহার্সাল ডিনার এবং পরদিন ৩ জুলাই পাঁচ শতাধিক অতিথির উপস্থিতিতে ব্ল্যাক-টাই পোশাকের একটি বড় আয়োজন হওয়ার কথা। অনুষ্ঠান ঘিরে সড়ক বন্ধের অনুমতি, বিশাল পরিমাণ সাজসজ্জার সরঞ্জাম এবং কড়া নিরাপত্তাব্যবস্থাও আলোচনার জন্ম দিয়েছে।
অতিথি তালিকায় এড শিরান, সেলেনা গোমেজ, সাবরিনা কারপেন্টার, গ্রেসি অ্যাব্রামস, স্টিভি নিকসসহ অনেক তারকার নাম শোনা গেলেও আনুষ্ঠানিকভাবে খুব কম অতিথির উপস্থিতিই নিশ্চিত হয়েছে। এমনকি অনুষ্ঠানে বিশেষ পরিবেশনারও গুঞ্জন আছে।
তবে সবচেয়ে বড় প্রশ্নটির উত্তর এখনো মেলেনি—আদতে কি এই অনুষ্ঠানেই বিয়ে হচ্ছে?
অনেক ভক্তের ধারণা, এটি হয়তো মূল বিয়ের অনুষ্ঠান নয়; বরং ব্যক্তিগতভাবে সম্পন্ন হওয়া বা হতে যাওয়া বিয়ের পর একটি উদ্যাপন মাত্র। আবার কেউ কেউ মনে করছেন, এত আলোচনা ইচ্ছাকৃতভাবেই তৈরি করা হয়েছে, আর প্রকৃত বিয়ের আনুষ্ঠানিকতা হবে একেবারেই ব্যক্তিগত পরিসরে।
এদিকে অনুষ্ঠানসংক্রান্ত অধিকাংশ তথ্যই কঠোর গোপনীয়তার মধ্যে রাখা হয়েছে। অতিথি, আয়োজক ও সেবাদানকারী প্রতিষ্ঠানের অনেককেই গোপনীয়তা চুক্তিতে (এনডিএ) সই করতে হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ফলে বিয়ে, অতিথি তালিকা কিংবা অনুষ্ঠানের বিস্তারিত নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
২০২৩ সালে সম্পর্কে জড়ান টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। গত বছর বাগদানের ঘোষণা দেওয়ার পর থেকেই তাঁদের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। তবে এবারের এই আয়োজন সত্যিই বিয়ের অনুষ্ঠান কি না, সেটি জানতে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষাই করতে হবে।
সূত্র: বিবিসি, সিএনএন ও ফোর্বস