সম্পর্ক কখনো একদিনে ভেঙে যায় না, আবার একদিনে গড়েও ওঠে না। প্রতিদিনের ছোট ছোট আচরণ, কথাবার্তা, সম্মান, আস্থা আর মনোযোগ; এসবের ওপরই দাঁড়িয়ে থাকে একটি সুস্থ সম্পর্ক।
অনেক সময় বড় কোনো ভুল নয়; বরং ছোট ছোট অবহেলাই সম্পর্কের রং ফিকে করে দেয়। তাই সম্পর্ক সুন্দর, নিরাপদ ও দীর্ঘস্থায়ী রাখতে পাঁচটি বিষয় সব সময় মনে রাখা জরুরি।
১. কেউ যদি আপনাকে বিশ্বাস করে গোপন কিছু বলে, তাহলে ঝগড়ার সময় সেই কথা ভুলেও তুলবেন না। হয়তো আবেগময় মুহূর্তে নিজের দুর্বলতার কথা বা কোনো বিশেষ ঘটনা বা মুহূর্তের কথা শেয়ার করেছে অপর পক্ষ। সেটাকে আপনি যদি ঝগড়ার সময় ব্যবহার করেন, তাহলে তা বিশ্বাস ভঙ্গ করা হয়।
২. হুট করে নিজের মুড অনুসারে যোগাযোগ বন্ধ করে দেওয়া, আবার নিজের সুবিধামতো সময়ে যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা করা সম্পর্কে ‘রেড ফ্ল্যাগ’। আপনার সময়ের দরকার হলে সেটা স্পষ্টভাবে জানিয়ে সময় নিন। তারপর সেই সময় শেষে ফিরে আসুন।
৩. হতে পারে আপনি মর্মাহত বা বিপর্যস্ত। অথবা কোনো একটি বিষয় নিয়ে খুবই রেগে আছেন। সেটা অপর পক্ষকে অসম্মান না করে সুন্দরভাবে বোঝান। এটি সম্পর্কে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি ‘আর্ট’।
৪. মনে রাখবেন, সম্পর্ক টিকেই থাকে ‘লিটল থিংস’-এর ওপর ভর করে। কখনোই সম্পর্ককে ‘টেকেন অ্যাজ ফর গ্রান্টেড’ হিসেবে নেবেন না, যাতে ছোট ছোট বিষয় হারিয়ে যেতে থাকে। এসব হারানোর মানে হলো, সম্পর্ক ফিকে হয়ে আসা।
৫. সঙ্গীর কথা মন দিয়ে শুনুন। একজনের কথা বলা শেষ হলে তারপরই অপরজন বলুন। কেবল এই একটি ছোট্ট অভ্যাস আপনার সম্পর্ককে অনেক অপ্রয়োজনীয় সংঘাত থেকে বাঁচিয়ে দেবে।
সূত্র: সিটিজেন ডিজিটাল