বিশ্বের সফল দম্পতিদের তালিকায় শুরুর দিকেই থাকবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামার নাম। বারাক ওবামা হার্ভার্ড ল স্কুল থেকে পড়াশোনা শেষে ক্যারিয়ার গড়তে যোগ দেন সিডনি অ্যান্ড অস্টিন ফার্মে। সেখানেই ১৯৮৯ সালে মিশেল রবিনসনের সঙ্গে পরিচয়। লাভ এট ফার্স্ট সাইট বলতে যা বোঝায়, তা হয়নি। ‘ভবিষ্যতের মার্কিন প্রেসিডেন্ট’কে শুরুতে বিশেষ পছন্দ করেননি মিশেল। মিশেলকে ‘পটাতে’ সময় লেগেছিল ওবামার। তারপর ১৯৯২ সালের ৩ অক্টোবর এক শুভদিনে মিশেল রবিনসন হয়ে গেলেন মিশেল ওবামা।

২০২২ সালের ৩ অক্টোবর বিবাহিত জীবনের তিন দশক পার করেন এই পাওয়ার কাপল। এ উপলক্ষে সিএনএনের একটা বিশেষ টক শোতে অংশ নেন মিশেল। সেখানে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিবাহিত জীবনের নানা অধ্যায় নিয়ে মন খুলে কথা বলেন। মিশেল বলেন, কেবল বিবাহিত সম্পর্কেই নয়, কোনো সম্পর্কেই ফিফটি-ফিফটি বলে কিছু হয় না। হয়তো কিছু সময় দুজনের ভূমিকাই প্রায় সমান থাকে। তবে প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে কারও যত্ন থাকে বেশি, কারও কম। আর এটিই স্বাভাবিক।
মিশেল আরও জানান, সম্পর্ককে যদি একটি গাছ হিসেবে কল্পনা করা হয়, তবে ৩০ বছর ধরে তার গোড়ায় তিনিই পানি ঢেলেছেন বেশি। আর এটাকে ‘মহৎ’ করে দেখারও কিছু নেই। কেননা, এভাবেই একটা বন্ধন মজবুত হয়। মিশেল বলেন, ‘এমনও হয়েছে যে আমার মনে হচ্ছে, আমি ক্রমাগত ৭০ ভাগ চেষ্টা করছি আর বারাক ৩০ ভাগ। তবে এ জন্য আমি হতাশ হইনি। আমি কী চাই, আমি জানতাম। আর বারাক জানত ও কী চায়। আমি সব সময় চেয়েছি, ব্যক্তিগত সম্পর্ক আর পরিবারের গণ্ডি পেরিয়ে বিশ্বের জন্য ওর চাওয়াটা যেন পূর্ণ হয় আর আমি সেই যাত্রায় ওর বন্ধু হয়ে থাকতে পারি।’
এই সাক্ষাৎকারে মিশেল আরও জানান, তরুণ প্রজন্ম আজকাল খুব অল্পতেই হাল ছেড়ে দেয়। একটা সম্পর্ক থেকে সহজেই বেরিয়ে আসে। এটা তাঁকে খুব কষ্ট দেয়। কেউ কম চেষ্টা করবে আর কেউ বেশি, সেটা মেনে নিয়েই জীবনের চাওয়া–পাওয়াকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে হয়। ‘আপনি আপনার সঙ্গীর জন্য যা করছেন, সম্পর্কের জন্য যা করছেন, তা নিঃস্বার্থভাবে আনন্দ নিয়ে করুন। অপর পক্ষের কাছেও যদি আপনি কড়ায়–গণ্ডায় সেটি আশা করেন, তাহলে এটাকে সম্পর্ক না বলে বরং অন্য নামে ডাকুন,’ বলেন মিশেল।