উৎসব আয়োজনে কিংবা বিশেষ দিবসে প্রিয়জনকে উপহার দেওয়ার মধ্যেও আছে আলাদা আনন্দ
উৎসব আয়োজনে কিংবা বিশেষ দিবসে প্রিয়জনকে উপহার দেওয়ার মধ্যেও আছে আলাদা আনন্দ

ভালোবাসা দিবসের উপহার খুঁজছেন?

ভালোবাসার অনন্য অনুভূতিই হতে পারে আপনার জীবনের সেরা উপহার। তবে উৎসব আয়োজনে কিংবা বিশেষ দিবসে প্রিয়জনকে উপহার দেওয়ার মধ্যেও আছে আলাদা আনন্দ। উপহার দেওয়া কঠিন ব্যাপার নয়। কিন্তু উপহার দিয়ে কাউকে সত্যিই খুশি করতে চাইলে কিছু বিষয় মনে রাখা ভালো।

কাউকে উপহার দিতে চাইলে এমনভাবে দিন, যাতে উপহারটা দেখে মনে হয়, আপনি ওই ব্যক্তির জন্য ভেবেচিন্তেই তা বাছাই করেছেন। খেয়াল রাখবেন, খুব দামি একটা উপহার ‘বিশেষ কিছু’ না-ও হয়ে উঠতে পারে, যদি আপনি আন্তরিক না হন।

আবার অতিরিক্ত দামি উপহার পাওয়ার পর আপনার জন্য পাল্টা একটা উপহার বাছাই করতে গিয়ে তিনি মুশকিলেও পড়তে পারেন। তাই উপহারে বাহুল্য না থাকাই ভালো।
বরং সাদামাটা উপহারসামগ্রীই একটু ভিন্নভাবে উপস্থাপন করা যেতে পারে।

উপহারের জন্য আকর্ষণীয় একটা মোড়ক বেছে নিতে পারেন। ছোট্ট কোনো উপহার কাস্টমাইজ করে দিতে পারেন, যাতে আপনার আবেগ ফুটে উঠবে দারুণভাবে।

রোজকার ব্যবহার্য সাধারণ জিনিসও দিতে পারেন প্রিয়জনকে, যা তাঁর কাজে আসবে।
বাজার ঘুরে তো বটেই, অনলাইনে ফরমাশ দিয়েও উপহার কিনতে পারেন ভালোবাসার মানুষের জন্য।

অনলাইন দোকান থেকে উপহার নিতে চাইলে আগেভাগেই ফরমাশ দিয়ে রাখুন। ভালোবাসা দিবসের উপহার ফরমাশ দেওয়ার জন্য এখনই ভালো সময়।

দূর থেকে প্রিয়জনকে চমকে দিতে চাইলে তাঁর ঠিকানায় উপহার পৌঁছেও দিতে পারেন অনলাইন দোকানের মাধ্যমে। তবে উপহার বাছাই করার সময় অবশ্যই মনে রাখুন প্রিয়জনের ব্যক্তিত্ব এবং পছন্দের কথা। কিছু উপহারের কথা জেনে নেওয়া যাক।

ফুল

ফিতা দিয়ে ফুল বাধা হলে সেই ফিতার সঙ্গে প্রেমময় কোনো ছোট্ট বার্তা জুড়ে দিন

ভালোবাসার চিরন্তন প্রতীক ফুল। কেবল লাল গোলাপই নয়, অন্যান্য ফুলও হতে পারে সুন্দর উপহার। নান্দনিক উপায়ে সাজানো একগুচ্ছ ফুল পেয়েই আপনার প্রিয় মানুষটার মন ভালো হয়ে যেতে পারে।

ফিতা দিয়ে ফুল বাধা হলে সেই ফিতার সঙ্গে প্রেমময় কোনো ছোট্ট বার্তা জুড়ে দিন। ঝুড়ি–জাতীয় জিনিসে ফুল সাজিয়ে দিলে সেটির এক কোণে এমন বার্তা রেখে দিতে পারেন। যেকোনো উপহারের সঙ্গেই এ ধরনের বার্তা জুড়ে দিতে পারেন।

চকলেট

কাস্টমাইজ করা এই চকলেটের প্যাকেটটাতেই হয়তো অনেক না বলা কথা প্রকাশ করতে পারবেন

কয়েকটা চকলেট সাজিয়ে দিতে পারেন সুন্দর করে। হৃদয়াকৃতির বাক্সে চকলেট দেওয়া যেতে পারে। অনলাইন দোকান থেকে অভিনব কায়দায় তৈরি করা প্যাকেটের চকলেটও নিতে পারেন।

এসব প্যাকেটে নিজেদের সুন্দর কোনো মুহূর্তের ছবি কিংবা ভালোবাসার বার্তা লেখার সুযোগ আছে। বার্তাটি হতে পারে কবিতার ছন্দে প্রকাশ করা প্রেম কিংবা যা কিছু আপনি বলতে চান প্রিয়জনের উদ্দেশ্যে। কাস্টমাইজ করা এই চকলেটের প্যাকেটটাতেই হয়তো অনেক না বলা কথা প্রকাশ করতে পারবেন।

মোম

ভালোবাসা দিবসের উপহার হিসেবে বেছে নিতে পারেন সুগন্ধি মোম

মোম উপহার দিতে পারেন প্রিয়জনকে। নানা আকৃতির মোম পাওয়া যায় আজকাল। ফুল কিংবা হৃদয়াকৃতির মোম যেমন কিনতে পারেন, তেমনি কিনতে পারেন কাচের গ্লাসে সাজানো বিশেষ ধরনের মোম।

মোমের তৈরি চকলেট বা স্ট্রবেরির মতো আকৃতি সাজানো থাকতে পারে কাচের গ্লাসে। আরও বেছে নিতে পারেন সুগন্ধি মোম। প্রাকৃতিক উপাদানে তৈরি মোম নিতে চেষ্টা করুন।

আলোর ভিন্ন উৎস

ছোট একটা ল্যাম্প উপহার দিতে পারেন প্রিয়জনকে

আজকাল মোম ছাড়াও নানা ধরনের আলোর উৎস পাওয়া যায়। ফুল কিংবা মোম আকৃতির এমন ছোট একটা ল্যাম্প উপহার দিতে পারেন প্রিয়জনকে। নিজেদের ছবি বা নাম দিয়ে কাস্টমাইজ করে নেওয়ার সুযোগও থাকে কিছু ল্যাম্প।

কাচের পাত্রে মরিচবাতি নামে পরিচিত ছোট্ট বাতির ‘স্ট্রিং’ রেখে পাত্রটির ওপরের অংশে সুন্দর একটা ফিতা বেঁধে নিলেও তা চমৎকার একটা উপহার হতে পারে।

আরও যা

পার্স, ওয়ালেট, চাবির রিং, ব্যাগ চার্ম কিংবা প্রেমের কবিতার বই, সঙ্গে আপনার মনের অনুভূতি প্রকাশ করে ছোট্ট একটা বার্তা

রঙিন কাচের চুড়ি কিংবা ছোটখাটো গয়না উপহার দিতে পারেন প্রিয় মানুষকে। প্রসাধনসামগ্রী নারী–পুরুষ সবারই কাজে আসতে পারে। উপহার হিসেবে দিতে পারেন সুগন্ধি। নিত্যব্যবহার্য অন্যান্য সামগ্রীও দিতে পারেন।

পার্স, ওয়ালেট, চাবির রিং, ব্যাগ চার্ম কিংবা প্রেমের কবিতার বই, সঙ্গে আপনার মনের অনুভূতি প্রকাশ করে ছোট্ট একটা বার্তা। প্রিয়জনের আনন্দের উৎস হয়ে উঠতে পারে এমন যেকোনো উপহারই।