চ্যান্ডলার শহরে বড়দিনের আগে যে অভিজ্ঞতা হলো

চ্যান্ডলার শহরে ক্রিসমাস ট্রি
ছবি: লেখক

অফিস শেষে বাসার কাছের একটি শপিং মলের উদ্দেশে রওনা দিলাম। পরদিন বড়দিনের ছুটি শুরু। এ দেশে বড়দিন আর নববর্ষ মিলিয়ে প্রায় সবাই সপ্তাহব্যাপী ছুটি নিয়ে নেয়। আমিও তা–ই করেছি। তাই বাড়িতে ফেরার সময় ছোট মেয়েটার জন্য কিছু একটা কেনা দরকার।

বিপণিবিতানে আসার পথে দেখলাম, এই দুর্দিনেও অনেক বাড়িওয়ালা আলোকসজ্জা করেছেন। দুর্দিন মানে, বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের অবস্থা এখন তেমন ভালো নয়। করোনাভাইরাসের আঘাত, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ, মাত্রাতিরিক্ত মুদ্রাস্ফীতি—যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে কাবু করে ফেলেছে। বিশ্বব্যাপী মন্দার প্রভাব এখানেও এসে লেগেছে। কোম্পানিগুলো কর্মী ছাঁটাই করছে, মানুষ চাকরি হারাচ্ছে। এর ওপর কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত বিরতিতে সুদের হার বাড়িয়ে মানুষের জীবন নাভিশ্বাস করে তুলছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

কাসাগ্রান্ড মলের গাড়ির রাখার জায়গাটা ভরে গেছে

তারপরও বড়দিন বলে কথা! আমেরিকানদের কাছে বড়দিন প্রধান উৎসব। ভিন্ন ধর্মের মানুষ হলেও উৎসবের এই মহা–আয়োজন আমার ভীষণ ভালো লাগে! পুরোটা ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যেন একটা আনন্দধারার মাস। দূরের শহরে পড়াশোনা বা চাকরি করতে যাওয়া ছেলেমেয়েরা এ সময় মা-বাবার কাছে ফিরে আসেন। মা-বাবা, ভাই-বোনসহ পরিবারের সবাই ছুটির সময়টা একসঙ্গে কাটান। অসাধারণ একটা ভালো সময় একসঙ্গে কাটিয়ে আবার চলে যান দূরের শহরে।

বিপণিবিতানে এসে দেখলাম, পার্কিং লটে গাড়ি রাখার জায়গা নেই। দোকানগুলোর সামনেও অনেক ভিড়। মানুষ সব অভাব–অভিযোগ উপেক্ষা করে এসেছেন উৎসবের কেনাকাটা করতে। এই ভিড়ে সরাসরি কোনো দোকানে না ঢুকে বেশ খানিকক্ষণ বাইরে খোলা জায়গায় হাঁটলাম।

অনেক্ষণ বাইরে হাঁটার পর একটা দোকানে ঢুকলাম। মাঝেমধ্যে এখানে সুন্দর সুন্দর খেলনা বেশ কম দামে পাওয়া যায়। দোকানে অনেক ভিড়। যাঁরা এসেছেন, তাঁরা অধিকাংশই সাধারণ কর্মজীবী মানুষ। খেলনার সারিতে এসে একটা পুতুল পছন্দ হলো। দামও কম। আমার ছোট মেয়ে নন্দিনীর কথা ভেবে হাতে নিলাম পুতুলটি। ঠিক ওই সময় আমার পাশেই কৃষ্ণাঙ্গ এক তরুণী মা তাঁর ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়ে খেলনা খুঁজছিলেন। নারীটির গায়ে তখনো কাজের ইউনিফর্ম। সম্ভবত কাজ শেষে মেয়েকে নিয়ে তাড়াহুড়া করে এসেছেন। আমার হাতের পুতুলটি দেখিয়ে মেয়েটি তার মায়ের উদ্দেশে বলল, ‘মা, আমি কি এমন একটা পুতুল পেতে পারি?’

তার মা আমার হাতে ধরা পুতুলটি দেখলেন। তারপর এমন একটি পুতুল খুঁজতে থাকলেন। কিন্তু সময় নিয়ে খুঁজেও পেল না।

পুতুল না পেয়ে মন খারাপ করে মা–মেয়ে চলে যাচ্ছিল। আড়চোখে আমি ব্যাপারটা খেয়াল করছিলাম। মনে হলো, এই শেষ মুহূর্তে মেয়েটির পছন্দের খেলনা তার মা খুঁজে না পেলে, ওর উৎসবটাই মাটি হয়ে যাবে। আমি গলা উঁচু করে শিশুটার মাকে বললাম, ‘হাই, আমার পুতুলটা দরকার নেই, তুমিই এটা নাও।’

পুতুল পেয়ে ছোট্ট মেয়েটার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তার আনন্দ দেখে আমার মনটাও ভালো লাগার অনুভূতিতে ভরে উঠল।