আমরা যেভাবে চ্যাম্পিয়ন হলাম

বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক যেসব প্রতিযোগিতা হয়, সেগুলোর শুরু থেকে শেষ পর্যন্তও থাকে কত রকম চ্যালেঞ্জ পেরোনোর গল্প। যাঁরা অংশ নেন, শুধু তাঁরাই জানেন। পড়ুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবিহা শারমিনের অভিজ্ঞতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ওয়াসিফ আরেফিন, মাহজাবিন রশীদ ও সাবিহা শারমিন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের মার্কেটিং বিভাগের শাফকাত তানজীম আহমদের দলটির নাম ‘শক ডার্ট’।
ছবি: সংগৃহীত

‘ফাইনালের দিন আমি সাইকোলজি পরীক্ষাটা দেড় ঘণ্টার মধ্যে শেষ করেই বিইউপি চলে যাব। শাফকাত তো ওখানে থাকবেই। আর লামিশা, ইভা পরীক্ষা শেষ করে চলে আসবি। ব্যস, হয়ে যাবে।’ প্রতিযোগিতায় নাম দেওয়ার আগেই ফাইনালে উঠলে কী করে কী হবে, তা ঠিক করে ফেলছিল আমাদের মহা আত্মবিশ্বাসী দলনেতা ওয়াসিফ আরেফিন। আর আমরাও তার কথায় মাথা দুলিয়ে নিজেদের সেমিস্টার ফাইনাল চলার সময়ে নাম লিখিয়ে ফেলেছিলাম ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ইকোনমিকস ক্লাব’ আয়োজিত ‘পলিসি মেকিং’ প্রতিযোগিতা ‘পোম্যাক ৩.০’–তে।

তিন রাউন্ডে ভাগ করা ‘পোম্যাক ৩.০’–এর প্রথমেই ছিল অনলাইন কেস রাউন্ড। ২৬টি বিশ্ববিদ্যালয়ের ৯২টি দল থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠে মাত্র ১২টি দল। দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয় আবার দুই ধাপে। সবশেষে ৪টি দল জায়গা করে নেয় চূড়ান্ত পর্বে (গ্র্যান্ড ফাইনাল)। আর চ্যাম্পিয়ন হয়ে যায় আমাদের দল ‘শক ডার্ট’। ফার্স্ট রানারআপ হয় ‘পিক্সি ডাস্ট’ ও দ্বিতীয় রানারআপ হয় ‘এন্ডগেম’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ওয়াসিফ আরেফিন, মাহজাবিন রশীদ লামিশা ও আমি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের মার্কেটিং বিভাগের শাফকাত তানজীম আহমদ মিলে আমাদের দল ‘শক ডার্ট’। কথা ছিল অক্টোবরের মাঝামাঝিতে শুরু হওয়া পোম্যাকের গ্র্যান্ড ফাইনাল হবে ২৬ অক্টোবর। ঠিক সেদিনই পড়েছিল আমাদের দ্বিতীয় বর্ষের সেমিস্টার ফাইনালের শেষ পরীক্ষাটিও।

তবু কীভাবে প্রতিযোগিতা শুরুর আগেই নিজেদের ফাইনাল শেষ করে পোম্যাকের ফাইনাল ধরব, সে পরিকল্পনা সেরে ফেলেছিলাম আমরা। যদিও শেষমেশ আমাদের এত ঝক্কি–ঝামেলা পোহাতে হয়নি। বিভিন্ন জটিলতার কারণেই হোক কিংবা আমাদের ‘সুনজরেই’ হোক, পোম্যাকের ফাইনাল গড়িয়ে চলে গিয়েছিল ১২ নভেম্বরে। তবু পরীক্ষার মাঝে আমরা শেষ করেছিলাম প্রথম ও দ্বিতীয় রাউন্ডের সাবমিশন। প্রতিযোগিতাটিতে মূলত চতুর্থ শিল্পবিপ্লব ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ (এসডিজি)-এর কথা মাথায় রেখে সমস্যার সমাধান চাওয়া হয়েছিল। কারিগরি শিক্ষাকে সুপ্রচলিত করার মাধ্যমে কীভাবে বাংলাদেশে শিল্পবিপ্লবের জন্য দক্ষ কর্মী গড়ে তোলা যায়—এই ছিল বিষয়। পাশাপাশি কী করে বিভিন্ন প্রতিকূলতা ছাপিয়ে কারিগরি শিক্ষা ও উচ্চশিক্ষার মাঝে ভারসাম্য তৈরির পথ সুগম হতে পারে, তা নিয়েও আমাদের ভাবতে হয়েছে।

কীভাবে পুরোনো নীতি (পলিসি) বদলে নতুন নীতি অনুযায়ী সমস্যা সমাধান করা যায়, তা নিয়েই সৃজনশীল কেস উপস্থাপন করেছে একেকটি দল। শেষমেশ বিচারকদের রায়ে সবচেয়ে আধুনিক, উদ্ভাবনী ও বাস্তবসম্মত আইডিয়াকে দেওয়া হয় চ্যাম্পিয়ন তকমা ও এক লাখ টাকা পুরস্কার।

এবার ফিরে যাই কী করে আমরা পার হলাম একের পর এক রাউন্ড। আমাদের ম্যাক্রোইকোনমিকস পরীক্ষার আগের দিন পড়েছিল প্রথম ধাপের কেস জমা দেওয়ার দিন। সিলেবাসে থাকা মুদ্রাস্ফীতি, বেকারত্ব নিয়ন্ত্রণ, অর্থনৈতিক প্রবৃদ্ধির পলিসি পড়া বাদ দিয়ে আমরা যোগ দিলাম প্রতিযোগিতার জন্য নতুন নতুন পলিসি উদ্ভাবনের কাজে! সে–ও কি আর চাট্টিখানি কথা! নিজেদের ক্ষুদ্র জ্ঞান আর ইন্টারনেট ঘেঁটে বের করা নতুন জ্ঞান নিয়ে আমরা যেসব পলিসি বা নতুন উদ্যোগের কথা ভাবি, দেখি আমাদের বহু আগেই তা ভেবে ফেলেছেন সরকারের নীতিনির্ধারকেরা। সরকারের এত সাজানো-গোছানো নীতিনির্ধারণ ও অভিনব উদ্যোগ থাকার পরও কেন এত অসামঞ্জস্য আর জটিলতা সবকিছুতে, ভাবতে ভাবতে যখন আমাদের চুল ছেঁড়ার অবস্থা প্রায়, ঠিক তখনই হুট করে শাফকাত বলে উঠল, ‘ঝামেলা তো পদ্ধতিতে নয়, ব্যবস্থাপনায়!’ বিবিএর ছাত্র যে আমাদের থেকে ব্যবস্থাপনা বিষয়টা ভালো বোঝে, তা আবার প্রমাণ হয়ে গেল। শুধু তো ‘পদ্ধতি’ প্রস্তাব করলেই হবে না, তা বাস্তবায়ন করতে দরকার সঠিক ব্যবস্থাপনা। তাই বিদ্যমান পলিসি মূল্যায়ন ও সংশোধন প্রস্তাবের পাশাপাশি কীভাবে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়, সেই সমাধান খুঁজে বের করারও চেষ্টা করি আমরা। তবে সেবার তাড়াহুড়া করে পরীক্ষার পড়া ফেলে কেস জমা দেওয়ার পর দেখলাম, আয়োজকেরা সময়সীমা বাড়িয়ে দিয়েছে আরও এক দিন!

এরপর পরিসংখ্যান পরীক্ষা শেষেও এক রাতে বসে শেষ করতে হয়েছিল দ্বিতীয় ধাপের কেস জমা দেওয়ার কাজ। যদিও দলের ‘কেস সলভিং মাস্টার’ শাফকাত ও ‘স্ট্র্যাটেজিক প্ল্যানার’ ওয়াসিফের বদৌলতে পরীক্ষার ভীষণ চাপের মধ্যেও ঠিকঠাক কাজ শেষ করে প্রথম দুই ধাপ উতরে গিয়েছিলাম আমরা। আর প্রথমবারের মতো কোনো পলিসি মেকিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করা লামিশা ও আমার জন্যও ছিল এ এক তরতাজা, রোমাঞ্চকর ও শিক্ষণীয় অভিজ্ঞতা। গ্র্যান্ড ফাইনালের দিন আসতে আসতে আমাদের পরীক্ষা শেষ, আর হাতে অফুরন্ত সময়। সবাই মিলে কোমর বেঁধে পুরোদমে কাজ শেষ করে, প্রেজেন্টেশন ও বিচারকদের সব প্রশ্নের উত্তর দিয়ে ফাইনালে চ্যাম্পিয়নের আসনটাও নিয়ে নিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো, ফাইনালের ঠিক পরদিনই আবার শুরু হয়েছিল আমাদের বিইউপির বন্ধু শাফকাতের পরীক্ষা! তবু ফাইনালে ফাইনালে জর্জরিত হয়ে এ–যাত্রায় পোম্যাক চ্যাম্পিয়ন হওয়াটাই আমাদের বড় অর্জন।