ধানমন্ডিতে চলছে ঈদ উৎসব প্রদর্শনী ‘সময়ের ফোঁড়ে বাংলার গল্প’

আজ ১২ মার্চ রাজধানীর ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে উদ্বোধন হলো ‘সময়ের ফোঁড়ে বাংলার গল্প’ শিরোনামে ঈদ উৎসব প্রদর্শনীর। চলবে ১৪ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন। শাড়ি, পাঞ্জাবি, উত্তরীয়, ব্যাগ, গয়নাসহ বিভিন্ন পণ্য কেনা যাবে এ প্রদর্শনীতে।

‎আয়োজনটির উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল ও ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের পরিচালক খুশী কবির।
ছবি: সুরাইয়া সরওয়ার
অতিথি হিসেবে ছিলেন রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের চেয়ারপারসন গুলশান নাসরিন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিবি রাসেল বলেন, ‘আমি তরুণ ডিজাইনারদের বলব, কাপড় কেনার সময় জিজ্ঞেস করবেন, এর সুতাটা কী? আমাদের বাজার ভরে গেছে সিনথেটিক দিয়ে। অনেক সময় তাঁত বলে বিক্রি করা হলেও তা আসলে তাঁত নয়।’
প্রদর্শনীটির আয়োজন করেছেন ‘আরিয়ন ফ্যাশন’-এর ফ্যাশন ডিজাইনার ও কর্ণধার আমিনা রহমান এবং ‘মিরনস’-এর ফ্যাশন ডিজাইনার ও কর্ণধার মিরন হোসেন।
আমিনা রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন বাংলার সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে কাজ করে আসছি।’
সুতি কাপড়ের ওপর বেশির ভাগ কাজগুলো করা হয়েছে বলে জানান মিরন হোসেন। তিনি বলেন, গ্রীষ্মে পরা যায়, এমন পোশাকই আছে এ আয়োজনে।