অনলাইনে মানুষের কেনাটার ঝোঁক বেড়েছে
অনলাইনে মানুষের কেনাটার ঝোঁক বেড়েছে

২০২৫ সালে অনলাইনে কোন গ্রোসারি পণ্য বেশি কিনেছেন মানুষ

প্রায় এক দশক আগেও অনেকে শঙ্কা নিয়ে অনলাইনে কেনাকাটা করতেন। যেটা এখন স্বাভাবিক হয়ে এসেছে। এমনকি কাঁচাবাজার, মুদিপণ্য (গ্রোসারি) কিনতেও মানুষ অনলাইনে ভরসা করছেন। ২০২৫ সালে কোন পণ্যগুলো অনলাইনে বেশি কেনাকাটা করেছেন মানুষ? এ প্রশ্নের উত্তর খুঁজতে দেশের জনপ্রিয় তিনটি অনলাইন কেনাকাটার দোকান চালডাল, স্বপ্ন ও প্যান্ডা মার্টের কাছ থেকে মিলল চমৎকার তথ্য। চলুন জেনে নেওয়া যাক।

চালডালে কী বেশি বিক্রি হলো

চালডাল ই–কমার্সে দেশের অন্যতম জনপ্রিয় বাজার। মাছ থেকে চাল, ডাব থেকে খেলনা, কী নেই তাদের সংগ্রহে! চালডালের সহপ্রতিষ্ঠাতা ওয়াসিম আলিম বলেন, ‘২০২৫ আমাদের অর্থনৈতিকভাবে চাপের বছর হলেও অনলাইনে মানুষের কেনাটার ঝোঁক বেড়েছে প্রায় ২০ শতাংশ।

অনলাইনে প্রচুর ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যও বিক্রি হচ্ছে। বিশেষ করে অর্গানিক ফুড, মধু, পেট ফুড, গাওয়া ঘি ইত্যাদি মানুষ কেনাকাটা করছেন অনলাইনে। চালডালে একক পণ্য হিসেবে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডিম, আর পরিমাণ হিসেবে এগিয়ে আছে সয়াবিন তেল।’

এর বাইরে চালডালে যেসব পণ্য মানুষ বেশি অর্ডার করেছেন, তার মধ্যে আছে যথাক্রমে—দেশি পেঁয়াজ, আলু, চিনি, চিনিগুড়া চাল, মিনিকেট চাল, লবণ, টমেটো ও ধনেপাতা।

স্বপ্নে এগিয়ে পেঁয়াজ

পেঁয়াজ

বেশ কয়েক বছর ধরে দেশের ৬৪ জেলাতেই আউলেট খুলেছে স্বপ্ন সুপারশপ। অনলাইনেও তাদের পণ্য অর্ডার করা যায়। তাই দোকানের পাশাপাশি অনলাইনেও প্রচুর অর্ডার আসে। স্বপ্ন ই–কমার্সের অপারেশন হেড ইব্রাহীম স্বপন জানান, স্বপ্নের অনলাইনে মানুষ সবচেয়ে বেশি অর্ডার করেছেন লোকাল পেঁয়াজ।

স্বপ্নে বেশি অর্ডার করা পণ্যের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে নতুন আলু ও ডিম। এরপর যথাক্রমে বাসমতী চাল, টমেটো, মিনিকেট চাল, লবণ, চিনি চাম্পা কলা ও চিনি।

প্যান্ডা মার্টেও ডিম এগিয়ে

ডিম ছাড়াও প্যান্ডা মার্টে থেকে দ্বিতীয় ও তৃতীয় সর্বাধিক পণ্য হিসেবে মানুষ অর্ডার করেছেন আলু ও চিনি

রান্না করা খাবার সরবরাহ ছাড়াও গ্রোসারি পণ্য কেনাকাটার জন্যেও জনপ্রিয় ফুডপ্যান্ডা। নিজেদের ডার্ক স্টোর প্যান্ডা মার্ট ছাড়াও পার্টনার সুপারমার্কেটের পণ্য ক্রেতার বাসায় পৌঁছে দেওয়ার কাজ করে তারা।

এই প্ল্যাটফর্ম থেকে গ্রোসারি পণ্য হিসেবে মানুষ সবচেয়ে বেশি অর্ডার করেছেন ডিম। ডিম ছাড়াও এই প্ল্যাটফর্ম থেকে দ্বিতীয় ও তৃতীয় সর্বাধিক পণ্য হিসেবে মানুষ অর্ডার করেছেন আলু ও চিনি।

দেশের জনপ্রিয় ও বড় তিনটি অনলাইন প্ল্যাটফর্মের এই পণ্য অর্ডারের চিত্র দেখে বোঝা যাচ্ছে, বেশি বিক্রিত পণ্যের মধ্যে ওপরের দিকে আছে ডিম, তেল, পেঁয়াজ, আলু, লবণ ও চিনি।