কনেরা হিলের বদলে বেছে নিচ্ছেন কেডস
কনেরা হিলের বদলে বেছে নিচ্ছেন কেডস

কেডস পরা যাবে সব পোশাকের সঙ্গেই

জমকালো দাওয়াত থেকে শুরু করে বিয়ে—সব ধরনের পরিবেশ এবং পোশাকের সঙ্গেই নিজস্ব একটা স্টাইল স্টেটমেন্ট তৈরি করে কেডস। স্টাইলের সঙ্গে সঙ্গে পাওয়া যায় আরাম।

কয়েক বছর আগেও কেডস ছিল মূলত শার্ট-প্যান্টের অনুষঙ্গ। এই ধারা ভেঙে ড্রেসের সঙ্গেও পরা শুরু হয় কেডস। এরপর ধীরে ধীরে আনুষ্ঠানিক স্যুট-প্যান্টের সঙ্গেও কেডস পরার চল দেখা যায়। আর এখন তো খোলা আকাশের নিচে যেসব বিয়ের অনুষ্ঠান হচ্ছে, সেখানেও কেডস পরে বিয়ের মঞ্চে ছুটে যাচ্ছেন কনে।

সাজের মধ্যে থাকতে হবে আরাম আর স্বাচ্ছন্দ্য, এই ভাবনাই এখন জনপ্রিয়। জমকালো সাজের মধ্যেও থাকতে হবে সহজতা। অতিরিক্ত মেকআপ যেমন চেহারার ভারসাম্য নষ্ট করে, তেমনি ঘণ্টার পর ঘণ্টা হিল পরে থাকলেও চেহারায় তার কষ্টকর ছাপ পড়ে। এ কারণেই বিয়ের অনেক কনেই এখন হিলের বদলে বেছে নিচ্ছেন কেডস। অনেকে আবার সাজে ফিউশন ধারা ফুটিয়ে তুলতে চান। তাঁরা সবাই হিলের বদলে কেডসকেই বলছেন হ্যাঁ।

সোনালি সিকুইন দিয়ে ঠাসা পোশাকটির সঙ্গে একই রঙের কেডস পরা হয়েছে। কনের বোন হিসেবেও বেছে নিতে পারেন এ ধরনের সাজ। দৌড়াদৌড়ির কাজগুলো যে আপনাকেই করতে হবে।

সম্প্রতি গায়ক, অভিনেতা, সংগীত পরিচালক প্রীতম হাসান ও মডেল, অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম বিয়ে করেছেন। শ্রীমঙ্গলের একটি হোটেলে বিয়ের অনুষ্ঠানে ভারী কাজের লেহেঙ্গার সঙ্গে কনে পায়ে পরেছিলেন কেডস। তবে আগে থেকে কোনো পরিকল্পনা করে এটা করেননি তিনি। বিয়ের দিন হিল পরে হাঁটতে কষ্ট হচ্ছিল দেখে চটজলদি কেডস পরে নেন শেহতাজ। জানালেন, বিয়ের জুতাজোড়া সেদিন আর কোনো কাজেই লাগেনি।

গাঢ় সবুজ রঙের গাউনটির সঙ্গে বেছে নেওয়া হয়েছে কালো, সাদার কেডসটি। উঁচু কেডস হওয়ায় সেটি অনেকটা হিল হিসেবেও কিন্তু কাজ করে। পোশাকের নিচে থাকলে কেউ বুঝতে পারবে না।

জমকালো গাউন, শাড়ি কিংবা কামিজের সঙ্গেও মানিয়ে যায় কেডস। দাওয়াতেও অনায়াসে কেডস পরে যেতে পারেন আপনি। তবে কেডসগুলো হতে হবে পরিষ্কার, ঝকঝকে। বাড়তি নকশা হিসেবে থাকতে পারে গ্লিটার, হাতের পেইন্ট, ফিতার, একটু বেশি হিল ইত্যাদি।

শাড়ির সঙ্গেও কেডস মানিয়ে যায় অনায়াসে। খোলা আকাশের নিচে দাওয়াতের প্রচলন শুরু হয়ে গেছে দুই বছর ধরেই। এ ধরনের দাওয়াতের জন্য আদর্শ। কেডস: বাটা

কেডসের জন্য সাজের কোনো পরিবর্তন করতে হবে না; বরং আপনি যেকোনো সাজের সঙ্গেই কেডস পরতে পারবেন। এটাই আপনার সাজে নিয়ে আসবে ভিন্নতা। আপনার পোশাক থেকে কোনো একটা নির্দিষ্ট রং বেছে নিতে পারেন, যেটা পায়ের কেডসে থাকবে। আবার পোশাক আর কেডসের রং একই হতে পারে। পোশাক যেমনই হোক, আত্মবিশ্বাস নিয়ে পরলে আপনার কেডসের সাজই হবে আলোচনার বিষয়।

কেডস সাজে নিয়ে আসে ভিন্ন স্টাইল স্টেটমেন্ট