দিনাজপুর পলিটেকনিক: কারিগরি শিক্ষায় উত্তরাঞ্চলের ভরসা

দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশেই প্রাচীরঘেরা সবুজ প্রাঙ্গণ
ছবি: প্রথম আলো

পদ্মা সেতু তৈরির বিশাল কর্মযজ্ঞে যুক্ত ছিলেন হাজারো মানুষ, ইশরাত জাহান তাঁদেরই একজন। সেতুর পাইলিং পাইপ তৈরিতে ব্যবহৃত সিলিন্ডারগুলোর মাপজোখ করার দায়িত্ব ছিল তাঁর কাঁধে। প্রায় দুই বছর পদ্মা সেতুর নির্মাণকাজের সঙ্গে যুক্ত থেকে ইশরাত ফিরেছেন নিজ ক্যাম্পাস দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তড়িৎ প্রকৌশল বিভাগে ডিপ্লোমা করেছেন তিনি। সেখানেই এখন জুনিয়র ইনস্ট্রাক্টর পদে কর্মরত। ইশরাতের মতো আরও অনেক শিক্ষার্থী দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কারিগরি শিক্ষা নিয়ে স্বনির্ভর হয়েছেন।

কোথায় ক্যাম্পাস

দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশেই প্রাচীরঘেরা সবুজ প্রাঙ্গণ। শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ডের কাছে গেলে চোখে পড়ে সবুজরঙা প্রধান ফটকে সাদা অক্ষরে লেখা—দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট। ক্যাম্পাসের আশপাশেই চোখে পড়ে নানা স্লোগান। যেমন ‘কারিগরি শিক্ষার শক্তি, বেকারত্বের মুক্তি’ কিংবা ‘আমরা সবাই একমত, কারিগরি শিক্ষা সমৃদ্ধির পথ’।

১৯৬৪ সালে তৎকালীন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের বিভিন্ন জেলা সদরে ১৬টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করে। ২১ দশমিক ৪ একর জমির ওপর প্রতিষ্ঠিত দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট তারই একটি। শুরুতে পুরকৌশল ও পাওয়ার টেকনোলজি বিভাগে মাত্র ৮০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু। পরে পর্যায়ক্রমে যন্ত্রকৌশল, তড়িৎকৌশল, স্থাপত্য ও অন্দর নকশা (ইন্টেরিয়র ডিজাইন) এবং কম্পিউটারবিজ্ঞান ও প্রযুক্তিসহ ছয়টি বিভাগ চালু হয়। এখন শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ হাজার ৭০০। ৫৫৫ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর অনুমোদন থাকলেও আছেন মাত্র ৩৫০ জন। চুক্তিভিত্তিক কয়েকজন শিক্ষকও আছেন।

মূল ফটক দিয়ে কয়েক পা এগোলেই সামনে বিশাল মাঠ। ছাত্রদের জন্য শহীদ আমিনুল ইসলাম ও কাজী নজরুল ইসলাম নামে দুটি হল আছে। ছাত্রীদের হলটির নাম তাপসী রাবেয়া। শহীদ জাহাঙ্গীর মিলনায়তন, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ল্যাবরেটরি, টিএসসি, শহীদ মিনার—সব মিলিয়ে ক্যাম্পাসটা বেশ বড়। ফুলের বাগানে গোলাপ, গাঁদা, ডালিয়া, কদমসহ হরেক রঙের ফুল ফুটেছে। সেলফি তোলার জন্য জায়গাটা যে শিক্ষার্থীদের প্রিয়, অনুমান করাই যায়।

মাঠজুড়ে পাঠচক্র

কেমন চলছে পড়াশোনা

সকাল ৮টা থেকে দুপুর ১২টা, আবার বেলা ২টা থেকে বিকেল ৫টা—দুই পালায় চলে পাঠদান। তত্ত্বীয় ক্লাসের পাশাপাশি ব্যবহারিক ক্লাসের জন্য ছয়টি বিভাগের আলাদা ল্যাব আছে। কনস্ট্রাকশন শপ, প্লাম্বিং, সয়েল মেকানিকস, অটোডিজেল, পাওয়ার জেনারেশন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশন, ওয়েল্ডিং, শিট মেটাল, ইলেকট্রিক্যাল ওয়্যারিং, ই-প্ল্যান ল্যাব, মাইক্রোপ্রসেসর ল্যাব, সফটওয়্যার ও হার্ডওয়্যার ল্যাব, নেটওয়ার্কিং ল্যাবসহ মোট পরীক্ষাগারের সংখ্যা ৩৬।

পুরকৌশল বিভাগের ল্যাবটি বেশ সমৃদ্ধ। বিভাগের ওয়ার্কশপ সুপার আরিফুল ইসলাম জানান, রংপুর বিভাগের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানকার সয়েল মেকানিকস ল্যাবে আসে মাটি পরীক্ষা করতে। আরিফুল নিজেও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটেই পড়েছেন। নিজের কলেজ নিয়ে তিনি গর্বিত। কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মানসুর নাদিম। বললেন, ‘এখানে ল্যাবের সুবিধা বেশ ভালো। প্রতিটি ক্লাসে প্রজেক্টর আছে। পড়ালেখার পাশাপাশি আমি গেম ও অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করছি।’

কর্তৃপক্ষের দাবি, এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়ার হার ৫ শতাংশের কম। এখানে শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা আছে। ছাত্রীরা শতভাগ বৃত্তিও পেতে পারেন। সব বিষয়ে পাস করা সাপেক্ষে প্রত্যেক শিক্ষার্থী চার হাজার টাকা পান। অষ্টম সেমিস্টার, অর্থাৎ সমাপনী পর্বে ইন্ডাস্ট্রিয়াল প্রশিক্ষণ কোর্স শেষে প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হয় আট হাজার টাকা।

শিক্ষার্থীরা পড়তে যাচ্ছেন ভিনদেশে

পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর, নীলফামারী-কুড়িগ্রাম-রংপুর এমনকি বগুড়া-গাইবান্ধা-জয়পুরহাট থেকেও পড়তে আসেন শিক্ষার্থীরা। ডিপ্লোমা করে উচ্চশিক্ষার জন্য ছুটে যান ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (ডুয়েট) বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। শুধু ডুয়েটই নয়, ২০১৮ সালে প্রথমবারের মতো দিনাজপুর পলিটেকনিকের ১৭ জন শিক্ষার্থী চীনের শিজিয়াজুয়াং শহরের হেবেই কলেজ অব ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজিতে পড়তে যান।

চলছে পরীক্ষা

এই ১৭ শিক্ষার্থীর একজন তাজমিন নাহার। চীন থেকে আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে পড়া শেষ করেছেন। তাজমিন নাহার জানান, পড়ালেখার পাশাপাশি চীনা অপেরা, বিতর্ক, বক্তৃতা, চীনা শিল্প ও চিত্রাঙ্কন বিষয়েও দক্ষতা অর্জন করেছেন তিনি। দেশে ফিরে ২০২০ সালের শেষে সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডে সম্প্রসারণ প্রকল্পে যোগ দিয়েছিলেন। ২০২২ সালের শেষে আবার চীনে গিয়েছেন। এখন বৃত্তি নিয়ে চীনের হুবেইতে চায়না থ্রি গর্জেস ইউনিভার্সিটিতে পুরকৌশলে বিএসসি ডিগ্রি নিচ্ছেন।

ডুয়েটে যন্ত্রকৌশলে দ্বিতীয় সেমিস্টারে পড়ছেন শামীম মণ্ডল। গত বছর দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করেছেন তিনি। শামীম বলেন, ‘এখন ডুয়েটে যাঁরা পড়েন, তাঁদের মধ্যে প্রায় ২৫ শতাংশই সম্ভবত আমাদের পলিটেকনিক থেকে আসা।’ বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে প্রাক্তনদের যে একটা নিবিড় যোগাযোগ আছে, আলাপ করলেই বোঝা যায়। দিনাজপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থী মনোয়ার হোসেন এখন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। কথায় কথায় প্রায় ৫০ জন সহপাঠী, সিনিয়র, জুনিয়রের নাম বললেন, যাঁরা তাপবিদ্যুৎকেন্দ্র, বিআরটিএ, পানি উন্নয়ন বোর্ড, নেসকোসহ (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি) বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।

এই ক্যাম্পাস থেকে ডিপ্লোমা করে অনেকেই এখন পেশাজীবনে ভালো অবস্থানে আছেন

কর্মসংস্থান করেছেন প্রাক্তন শিক্ষার্থীরা

দিনাজপুর শহরের কাটাপাড়া এলাকায় হৃদয় ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিভিন্ন বেকারি পণ্য প্রস্তুত করছে প্রতিষ্ঠানটি। ফুড ইঞ্জিনিয়ারসহ ৭০ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন এখানে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। ১৯৯৬ সালে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পুরকৌশলে পড়েছেন। সাইফুল জানান, পড়ালেখা করে কিছুদিন চাকরির জন্য ঘুরেছেন। এরপর স্বল্প পরিসরে ব্যবসা শুরু করেন। তাঁর প্রতিষ্ঠানে এখন ৭০ জন চাকরি করছেন। এ ছাড়া ঢাকায় ট্রান্সফরমার তৈরির প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তৈয়ুবুর রহমান। দিনাজপুর শহরে গ্লোবাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং এসআরএ পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে তুলেছেন এখানকারই প্রাক্তন শিক্ষার্থীরা।

খেলাধুলা-সাংস্কৃতিক চর্চা ও স্বেচ্ছাসেবার সুযোগ

শুধু পড়ালেখা নয়, খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিবেশ নিয়েও সন্তুষ্ট শিক্ষার্থী ও অভিভাবকেরা। তবে দিনাজপুর পলিটেকনিক পরিবারের জন্য একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে গত ২৮ ফেব্রুয়ারি। সেদিন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে মারা গেছেন পুরকৌশলের ছাত্র মাশরাফি হোসেন। শেখ কামাল দ্বিতীয় যুব গেমসে সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকায় গিয়েছিলেন মাশরাফি। সেখানে জাতীয় পর্যায়ে একক এলিমিনেশন রেসে রুপা ও ২০০০ মিটার স্ক্যাচ রেসে ৩টি পদক জিতেছিলেন। গলায় পদক আর হাতে পুরস্কার নিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হয়েছে তাঁর। পুরোদস্তুর ডিপ্লোমা প্রকৌশলী হতে বাকি ছিল আর মাত্র দুই সেমিস্টার। বাবার স্বপ্ন ছিল, ছেলে প্রকৌশলী হবে। তা আর হলো না।

মাশরাফি হোসেন

শুধু সাইক্লিং নয়; দৌড়, লংজাম্প, হাইজাম্পসহ নানা খেলায় তাঁর অংশগ্রহণ ছিল। জেলা পর্যায়েও কয়েকটি বিষয়ে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছেন। বাড়ির পাশে কাঁকড়া নদীর চর, হ্যালিপ্যাডের মাঠ, পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুর স্টেডিয়াম ছিল মাশরাফির পছন্দের জায়গা। মাশরাফি সম্পর্কে তাঁর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‘খেলাধুলা ছাড়াও গান-কবিতা, অভিনয়ে পারদর্শী ছিল মাশরাফি। কোনো অনুষ্ঠানে দরকার হলে সব সময় এগিয়ে আসত। পাড়ার অন্য ছেলেমেয়েদের পড়ালেখার খোঁজ রাখত।’

পলিটেকনিক ইনস্টিটিউটে সাংস্কৃতিক চর্চায় বড় ভূমিকা রাখছে ক্যাম্পাসের ভেতরের শহীদ জাহাঙ্গীর মিলনায়তন। এখানে বিভিন্ন সময়ে গণিত অলিম্পিয়াড, ফিজিকস অলিম্পিয়াডসহ নানা আয়োজন করা হয়। ক্যাম্পাসে আছে পলিটেকনিক সাংস্কৃতিক ঐক্যজোট। নাচ-গান, কবিতা আবৃত্তিতে মাতিয়ে রাখেন তাঁরা। আছে ডিবেটিং ক্লাব সোসাইটি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট কালচারাল ক্লাব।

ছাত্র থেকে অধ্যক্ষ

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের বর্তমান অধ্যক্ষ ওয়াদুদ মণ্ডল। ক্যাম্পাসের ভেতরেই আবাসিক কোয়ার্টারে থাকেন। ১৯৮৫ সালে এখান থেকেই পাওয়ার বিভাগে ডিপ্লোমা করেন তিনি। পরে গাজীপুরের বিআইটির যন্ত্রকৌশল বিভাগ থেকে বিএসসি করেন। দেশের বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা ও অধ্যাপনা করেছেন। এখানে ইনস্ট্রাক্টর পদে যোগদান করেছিলেন। এরপর চিফ ইনস্ট্রাক্টর, উপাধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সর্বশেষ অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন।

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের বর্তমান অধ্যক্ষ ওয়াদুদ মণ্ডল

ওয়াদুদ মণ্ডল বলেন, ‘এখানকার শিক্ষার্থী ছিলাম। সুতরাং সীমাবদ্ধতাগুলো জানা ছিল। কাজ করার সুযোগ পেয়ে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি। প্রতিষ্ঠানটিকে নিজ বাড়ির মতোই সাজানোর চেষ্টা করে যাচ্ছি। তথ্যপ্রযুক্তির যুগে কারিগরি শিক্ষার বিকল্প নেই। সরকারও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে। আগামী প্রজন্ম কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশ গড়ার কাজে অংশীদার হবে, এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। শিক্ষক ও আবাসনসংকট রয়েছে। সেগুলো কাটানোর প্রক্রিয়া চলমান। পাশাপাশি ফুড প্রসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করার প্রক্রিয়াও চলছে।’