মাতৃত্ব, ওজন, কাজ আর ব্যক্তিগত জীবন নিয়ে ভোগের প্রচ্ছদ প্রতিবেদনে যা বললেন ক্যাটরিনা

মাত্র ১৭ বছর বয়সে যুক্তরাজ্যের লন্ডন থেকে একা পাড়ি দিয়েছিলেন ভারতের মুম্বাইয়ে। শাহরুখ-সালমান-আমিরের দুনিয়ায় তিনি হতে চেয়েছিলেন একজন শ্রীদেবী-রেখা-মাধুরী। যখন তাঁর অভিনয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তিনি নিজের সব অর্থ, সময়, শ্রম আর প্রচেষ্টা দিয়ে মোট ৭টি কোর্স করেছেন। যখন বলা হয়েছে, তাঁর নাচ ‘রোবোটিক’, তিনি একটি এসি ছাড়া ১০ ফুট বা ১০ ফুট ঘরে সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত নাচ শিখেছেন কত্থক গুরু ভীরু কৃষ্ণানের কাছে, টানা দুই বছর। হিন্দি উচ্চারণ শিখেছেন শিক্ষক রেখে। আর ২৬ বছর পর বলিউডের ইতিহাসের সেরা সব আইটেম সং করে, বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করে, সম্মানের সঙ্গে হাই-প্রোফাইল সব সম্পর্ক থেকে বের হয়ে, সংসারে থিতু হন। এরপর মা হয়েছেন, সফলভাবে ব্যবসা পরিচালনা করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আরেকজন আইকন হিসেবে। তিনি ক্যাটরিনা কাইফ!

৮ বছর পর ২৮ অক্টোবর ‘ভোগ ইন্ডিয়া’র প্রচ্ছদে ফিরলেন ক্যাটরিনা কাইফ। বিশ্বখ্যাত জনপ্রিয় এই ফ্যাশন ম্যাগাজিনটির নভেম্বর-ডিসেম্বর ২০২৬ সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদনে মাতৃত্ব, শরীর নিয়ে সামাজিক প্রত্যাশা, নিজের প্রসাধনীর ব্যবসা এবং অভিনয়জীবন নিয়ে কথা বলেছেন তিনি। স্পষ্ট করে জানিয়েছেন, সন্তান জন্মের পর আগের শারীরিক গড়নে ফিরে যাওয়ার জন্য তিনি তাড়াহুড়া করতে চান না
ছবি: ইনস্টাগ্রাম/ভোগ ইন্ডিয়া
২০২৫ সালের নভেম্বরে স্বামী ভিকি কৌশলের সঙ্গে প্রথম সন্তান ভিহানের মা হন ক্যাটরিনা। চলতি বছরের সেপ্টেম্বরে আম্বানিদের গণেশ চতুর্থীর অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তাঁর শারীরিক গড়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা, সমালোচনা শুরু হয়
সন্তান জন্মের পর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক হলেও অনেকে তাঁকে নিয়ে বিদ্রূপ করেন। কেউ কেউ তো আবার আরও এককাঠি সরেস! মাতৃত্বজনিত ওজন বৃদ্ধিকে ‘সংসারে সুখে না থাকলে এমন হয়’ বলে ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গেও তুলনা করেছেন। অনেকে এমন অদ্ভুত কথা বলতেও ছাড়েননি যে নিজের চেয়ে বয়সে ছোট পুরুষকে বিয়ে করলে নাকি সংসার সুখের হয় না
এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘আমি ওসব মন্তব্যের দিকে তাকাতে চাই না। আসলে সময়ও নেই। সন্তান জন্মের পর একজন নারীর শরীরে কী ধরনের পরিবর্তন আসে, তা অধিকাংশ মানুষেরই জানা। তারপরও কেউ যদি সেই শরীরকে কঠোর দৃষ্টিতে বিচার করেন, সেটি তাঁর ব্যক্তিগত পছন্দ। যার যা বলার বলবে। মানুষ নানা ধরনের মতামতের ঝড়ে ভেসে যায়। আমি কেবল জীবনের সুন্দর সময়টিতে মনোযোগ দিতে চাই।’
শরীর নিয়ে কটাক্ষের জবাবে আগের মতো সরাসরি প্রতিবাদ না করে এখন নিজের জীবন ও ভবিষ্যতের দিকে তাকাতে চান ক্যাটরিনা। সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফিরে যাওয়ার প্রত্যাশা নিয়েও তাঁর আপত্তি আছে। তাঁর কথায়, ‘ফিরে যাওয়া’ কেন? ক্যাটরিনা বলেন, ‘আজকের এই দিনটির জন্য আমি জীবনের বহু পথ পাড়ি দিয়েছি। সেই মাতৃত্বের অভিজ্ঞতা থেকে আবার পেছনে ফিরে তাকাতে চাইব কেন?’
ক্যাটরিনা জানান, নিজের শরীরচর্চা ও সুস্থ থাকার যাত্রা সম্পর্কে তিনি সচেতন। তবে তিনি তাঁর গতিতেই কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছাবেন। আর এ জন্য তিনি কোনো তাড়াহুড়ো করতে চান না
অভিনয়ের পাশাপাশি নিজের প্রসাধনী ব্র্যান্ড ‘কে বিউটি’ নিয়েও ব্যস্ত তিনি। স্বামী ভিকি কৌশলের প্রশংসা করে ক্যাটরিনা বলেন, ‘ও একজন অসাধারণ স্বামী। অসাধারণ শ্রোতাও। বাবা হিসেবেও ভিকি দারুণ। ১৬ ঘণ্টা শুটিং সেরে এসেও সে ঠিকই আমাকে আর ভিহানকে তাঁর শতভাগ দেয়। আমাদের জীবনে আপাতত ‘ডেট নাইট ডিনার’ বা ‘লেটনাইট মুভি’ নেই। সেগুলো সময়মতো ফিরবে। আমি কেবল আপাতত জীবনের এই চমৎকার সময়টাতে ডুব দিতে চাই’
আপাতত সিনেমায় ফেরার তাড়া নেই ক্যাটরিনার। ভবিষ্যতে অভিনয়ে ফিরলে খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান তিনি। তাঁর মতে, অস্কারজয়ী হলিউড তারকা ও পরিচালক অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ২০১৪ সালে মুক্তি পাওয়া বড় পর্দার ‘ম্যালেফিসেন্ট’ চরিত্রে তাঁকে দারুণ মানাবে

সূত্র: ভোগ ইন্ডিয়া