১৯৯৮ সালের ২০ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠের ছোট্ট শহর বন্দিতে জন্ম কিলিয়ান এমবাপ্পের। ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা খুব ছোটবেলা থেকেই।এমবাপ্পের বাবা উইলফ্রিড এমবাপ্পে ছিলেন ফুটবল কোচ, আর মা ফাইজা লামারি ছিলেন হ্যান্ডবল খেলোয়াড়। খেলাধুলাই ছিল তাঁদের পরিবারের নিত্যদিনের অংশ।স্থানীয় ক্লাব ‘এএস বন্দি’তে বাবার তত্ত্বাবধানেই ফুটবলের প্রথম পাঠ নেন এমবাপ্পে। বয়সে বড়দের বিপক্ষেও তাঁর গতি ও আত্মবিশ্বাস সবার নজর কাড়ে।
শুধু প্রতিভাই নয়, ছোটবেলা থেকেই নিয়মিত অনুশীলন আর কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলেছেন এমবাপ্পে। পরিবারের কাছ থেকেই শিখেছেন কঠোর পরিশ্রমের মূল্য।পরবর্তী সময়ে এমবাপ্পে ভর্তি হন ফ্রান্সের বিখ্যাত ফুটবল একাডেমি ‘ক্লেয়ারফঁতেন’–এ। সেখান থেকেই ভবিষ্যতের বিশ্বমানের ফুটবলার হিসেবে তাঁর যাত্রা আরও দৃঢ় হয়।মাত্র ১৪ বছর বয়সে যোগ দেন এএস মোনাকো ফুটবল ক্লাবের যুবদলে। তখনই ফুটবল–বিশ্ব বুঝতে শুরু করে, নতুন এক প্রতিভার আবির্ভাব ঘটছে।২০১৫ সালে মাত্র ১৬ বছর বয়সে এএস মোনাকোর মূল দলে অভিষেক হয় এমবাপ্পের। ক্লাবটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে তিনি ভেঙে দেন থিয়েরি অঁরির দীর্ঘদিনের রেকর্ড।
২০১৬–১৭ মৌসুমে মাত্র ১৮ বছর বয়সেই মোনাকোকে ফরাসি লিগ শিরোপা জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও দুর্দান্ত পারফরম্যান্সে ইউরোপজুড়ে আলোচনায় আসেন।২০১৭ সালে রেকর্ড অঙ্কের চুক্তিতে যোগ দেন ‘প্যারিস সেন্ট–জার্মেইনে (পিএসজি)’। সেখানে একের পর এক শিরোপা জিতে ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতায় পরিণত হন।মাত্র ১৯ বছর বয়সে ২০১৮ ফুটবল বিশ্বকাপে ফ্রান্সকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন এমবাপ্পে। ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকায় পরিণত হন।আজ কিলিয়ান এমবাপ্পে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তবে তাঁর গল্পের শুরু হয়েছিল বন্দির একটি ছোট্ট ক্লাব থেকে—যেখানে এক কিশোর শিখেছিল, প্রতিভা দরজা খুলে দেয়, কিন্তু ইতিহাস গড়ে কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলন।