ব্যক্তিগত পর্যায়ে কিংবা দলবেঁধে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন শিক্ষার্থীরা। গবেষণা করার জন্য গড়ে উঠেছে ক্লাবও। কীভাবে তাঁরা প্রস্তুতি নিচ্ছেন? কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন? কী নিয়ে চলছে গবেষণা?
মাহামুদুল হাসান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
করোনাকালে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। সময়টা কাজে লাগানোর জন্য আমি আমার শিক্ষক মুক্তার মিয়া স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। জানতে চেয়েছিলাম, কীভাবে একটা গবেষণায় যুক্ত হতে পারি। স্যার বলেছিলেন, তাঁর ল্যাবে কোনো তহবিল (ফান্ড) নেই। তবে আমি যদি খুব আগ্রহী থাকি, তিনি আমাকে কিছু বায়োইনফরমেটিকস টুলের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন, যার মাধ্যমে ভালো মানের কিছু গবেষণা নিবন্ধ লিখতে পারব। দেরি না করে আমি সুযোগটি গ্রহণ করি।
এভাবে আমাদের প্রথম গবেষণাপত্র এলসেভিয়ার তালিকাভুক্ত একটি জার্নালে প্রকাশিত হয়। উৎসাহ পেয়ে আমরা ‘সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা-অ্যানালাইসিস স্টাডি’র জন্য কীভাবে তথ্য বিশ্লেষণ করতে হয়, তা-ও শিখতে চেষ্টা করেছি। এরপর দশটিরও বেশি গবেষণাপত্রে কাজ করেছি, যা এলসেভিয়ার এবং স্প্রিংজার তালিকাভুক্ত জার্নালে প্রকাশিত হয়েছে।
আমি মনে করি, যেহেতু স্নাতক স্তরে আমাদের পর্যাপ্ত সুযোগ ও তহবিল নেই, সেহেতু আমরা বায়োইনফরমেটিকস গবেষণা, মেটা-অ্যানালাইসিস এবং রিভিউ আর্টিকেল লিখে আমাদের সিভিকে সমৃদ্ধ করতে পারি। আমরা শিক্ষার্থীরা যদি স্নাতক পর্যায়ে বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ পাই, তাহলে খুব সহজেই ভালো মানের গবেষণাপত্র লিখতে পারব। আমরা অনেকেই জানি না, যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি ছাড়াও পিএইচডি করা সম্ভব, যদি কিছু ভালো মানের গবেষণাপত্রে কাজের অভিজ্ঞতা থাকে। আমাদের প্রতিবেশী ভারতীয় শিক্ষার্থীরা এই সুযোগটি লুফে নিচ্ছে এবং ড্রাই ল্যাবভিত্তিক গবেষণার মাধ্যমে স্নাতক স্তর থেকেই তাঁদের গবেষণার দক্ষতা বিকাশ করছে।
বৈজ্ঞানিক গবেষণা হলো সবচেয়ে রোমাঞ্চকর কাজগুলোর একটি। তাই স্নাতক পর্যায় থেকেই শিক্ষকদের সাহায্য, উৎসাহ খুব দরকার। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পের জন্য তহবিল বাড়ানো এখন সময়ের দাবি।
প্রদিতি রাউত, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
গবেষণা সহকারী হিসেবে ইউজিসির একটি প্রকল্পে প্রথম হাতে-কলমে গবেষণার সুযোগ পাই। ধীরে ধীরে আরও বেশ কিছু কাজ করার সুযোগ হয়েছে। বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ প্রকাশিতও হয়েছে। এসব কাজে বিভাগের শিক্ষকদের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। তাই গবেষণার মতো একটি জটিল কাজ করতে গিয়েও খুব বেশি প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়নি।
বাংলাদেশের সব শিক্ষার্থীকেই কিছু অসুবিধার সম্মুখীন হতেই হয়। জার্নালে গবেষণাপত্র জমা দেওয়ার সুযোগ আমাদের খুব বেশি নেই। শিক্ষার্থীরা চাইলেই সব সম্মেলনে অংশ নিতে পারে না। তবে যেহেতু গবেষণার গুরুত্ব সম্পর্কে মোটামুটি সবাই জানে, তাই অনেকটা স্রোতের বিপরীতে গিয়েই এই কাজে যুক্ত থাকতে হয়। শিক্ষকেরা যে গবেষণা করছেন, তা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া গেলে আমাদের শেখার আগ্রহ আরও বাড়বে। গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয় আমাদের প্রত্যাশা। আর তা বাস্তবায়ন হবে তখনই, যখন শিক্ষক-শিক্ষার্থী সবাই মিলে গবেষণার চর্চা করবে।
সম্প্রতি নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক সমাজ ও মানববিদ্যা সম্মেলন ২০২২’ শীর্ষক সম্মেলন হয়েছে। সেখানে শিক্ষার্থীরাও গবেষণা প্রবন্ধ উপস্থাপনের সুযোগ পেয়েছে। এটা একটা দারুণ উদ্যোগ। গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র, নজরুল ইনস্টিটিউট থেকে প্রতিবছর শিক্ষার্থীদের গবেষণা প্রকল্প দেওয়া হয়। এ ছাড়া শিক্ষকদের গবেষণা প্রকল্পে সহকারী হিসেবে কাজ করে আমাদের শেখার অনেক সুযোগ আছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে কাজ করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রিসার্চ সোসাইটি।
খুব বেশি না হলেও নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গবেষণার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে, এটি ইতিবাচক একটি বিষয়। মৌলিক জ্ঞান সৃষ্টির জন্য গবেষণার বিকল্প নেই। শিক্ষার্থী অবস্থাতেই যদি কারও গবেষণায় আগ্রহ না আসে, তাহলে হঠাৎ করে পরে ভালো গবেষক হওয়া অসম্ভব। স্নাতক-স্নাতকোত্তর পর্যায়ে একজন শিক্ষার্থীর শুরু থেকেই সৃজনশীল হওয়া উচিত।