পৃথিবীর কিছু দেশে নির্দিষ্ট সময়ে রাত হয় না কেন, জানেন?

পৃথিবী সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহগুলোর মধ্যে অন্যতম। আর এই গ্রহে সাধারণত ১২ ঘণ্টা দিন এবং ১২ ঘণ্টা রাত হয়। কিন্তু এই পরিচিত নিয়মের বাইরে পৃথিবীতে কিছু ব্যতিক্রমী অঞ্চলও আছে, যেখানে বছরের নির্দিষ্ট সময়ে রাত একেবারেই হয় না। চলুন, জেনে নিই পৃথিবীর কোন কোন দেশে রাত হয় না।

১. কানাডা

উত্তর-পশ্চিম কানাডায় গ্রীষ্মকালে প্রায় ৫০ দিন সূর্য ডোবে না
ছবি: পেক্সেলস

কানাডা বিশ্বের বড় দেশগুলোর একটি। এর উত্তরাঞ্চলের কিছু এলাকায় দিন-রাতের এক অদ্ভুত নিয়ম দেখা যায়। বিশেষ করে উত্তর-পশ্চিম কানাডায় গ্রীষ্মকালে প্রায় ৫০ দিন সূর্য ডোবে না। তখন সারাক্ষণ আলো থাকে, ফলে মনে হয় সব সময়ই দিন।

এ ঘটনাকে ‘মিডনাইট সান’ বা মধ্যরাতের সূর্য বলা হয়। অর্থাৎ রাত ১২টার সময়ও আকাশে সূর্য দেখা যায়। তবে সারা বছর বা পুরো কানাডায় এটা হয় না। দেশের বাকি অংশে এবং অন্য সময়ে স্বাভাবিক নিয়মেই দিন-রাত হয়, অর্থাৎ সূর্য ওঠে ও ডোবে।

২. আলাস্কা

আলাস্কাতে মে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য পুরোপুরি ডোবে না

আলাস্কা হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাজ‌্য। কিন্তু মজার বিষয় হলো আলাস্কা শুরুতে যুক্তরাষ্ট্রের রাজ্য ছিল না। এটা ছিল রাশিয়ার অংশ, যা যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে কিনে নিয়েছিল। আলাস্কাকে বরফের রাজ্যও বলা হয়।

আলাস্কার বেশির ভাগ অংশই বরফের চাদরে মোড়া। এখানে মে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য পুরোপুরি ডোবে না। অর্থাৎ এখানে কিছু সময়ের জন্য রাত হলেও অন্ধকার হয় না। এখানে সূর্য প্রায় দুপুর ১২টা ৩০ মিনিটে অস্ত যায় এবং মাত্র ৫১ মিনিট পর আবার সূর্য ওঠে।

৩. নরওয়ে

নরওয়েকে ‘ল্যান্ড অব দ্য মিডনাইট সান’ বা মধ্যরাতের সূর্যের দেশও বলা হয়

নরওয়েকে মিডনাইটের দেশ বলা হয় কেন জানেন? কারণ, এ দেশটি আর্কটিক সার্কেলের মধ্যে অবস্থিত, ফলে এখানে দিন-রাত স্বাভাবিকের তুলনায় কিছুটা উল্টো। মে থেকে জুলাই মাসের মধ্যে নরওয়ের কিছু অঞ্চলে প্রায় ৭৬ দিন সূর্য অস্ত যায় না।

এ সময় সারাক্ষণ আলো থাকে, তাই রাতের অন্ধকার নামে না। এ জন্যই নরওয়েকে ‘ল্যান্ড অব দ্য মিডনাইট সান’ বা মধ্যরাতের সূর্যের দেশও বলা হয়।

তবে এ ঘটনা কিন্তু দেশজুড়ে ঘটে না, বরং শুধু উত্তরাঞ্চলের নির্দিষ্ট কিছু এলাকায় ঘটে। হ্যামারফেস্ট নরওয়ের অন্যতম উত্তরের একটি স্থান, যেখানে মে থেকে জুলাইয়ের মধ্যে টানা প্রায় ৭৬ দিন সূর্য দিগন্তের নিচে নামে না—অর্থাৎ সূর্য অবিরাম দেখা যায়।

৪. ফিনল্যান্ড

গ্রীষ্মের সময় ফিনল্যান্ডে প্রায় ৮০ দিন সূর্য ডোবে না

হাজারো হ্রদ ও দ্বীপ নিয়ে গঠিত একটি সুন্দর দেশ। গ্রীষ্মকালে ঘোরার জন্য ফিনল্যান্ডকে সবচেয়ে আদর্শ জায়গা বলে মনে করা হয়। গ্রীষ্মের সময় এখানে প্রায় ৮০ দিন সূর্য ডোবে না, ফলে সারাক্ষণ আলো থাকে।

এমনকি রাতেও আকাশে সূর্যের আলো দেখা যায়। এ কারণে ফিনল্যান্ডকে গ্রীষ্মকালীন ছুটি কাটানোর জন্য একটি অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় স্থান হিসেবে ধরা হয়।

৫. আইসল্যান্ড

আইসল্যান্ডে ১০ মে থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সূর্য অস্ত যায় না

আইসল্যান্ড গ্রেট ব্রিটেনের পর ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। আয়তনের দিক থেকে এটি পৃথিবীর ১৮তম বৃহত্তম দ্বীপ। এখানে ১০ মে থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সূর্য অস্ত যায় না।

এ সময় প্রকৃতির এই বিস্ময়কর দৃশ্য দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাখো পর্যটক এখানে ভিড় করেন। এ সময়কে বলা হয় ‘মিডনাইট সান’ বা মধ্যরাতের সূর্য।

৬. সুইডেন

সুইডেনের উত্তরাঞ্চলে মে থেকে আগস্ট পর্যন্ত প্রায় ১০০ দিন–রাত হয় না

ভৌগোলিক অবস্থানের কারণে সুইডেনে দিন-রাতের দৈর্ঘ্যে বড় পার্থক্য দেখা যায়। সুইডেনের উত্তরাঞ্চলের অনেক জায়গায় মে থেকে আগস্ট পর্যন্ত সূর্য অস্ত যায় না, ফলে সেখানে প্রায় ১০০ দিন–রাত হয় না।

সূত্র: মিডিয়াম, ন‌্যাশনাল ওয়েদার সার্ভিস