ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ২৭তম সমাবর্তন হয়ে গেল ১০ নভেম্বর। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এবং পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তনবিশেষজ্ঞ আইনুন নিশাত। পড়ুন তাঁর বক্তব্যের নির্বাচিত অংশ।

দুনিয়া খুব দ্রুত বদলে যাচ্ছে, সেই সঙ্গে বদলাচ্ছে জ্ঞানের পরিমণ্ডল। প্রতিদিনই নতুন প্রযুক্তি ও আধুনিক কাজের কৌশল তৈরি হচ্ছে। তাই পড়ালেখা শেষ করা মানেই শেখার শেষ নয়।
বরং যারা ব্যবস্থাপনায় কাজ করছ, তাদের জন্য নতুন নতুন ব্যবস্থাপনাগত দক্ষতা আসছে, উপাত্ত বিশ্লেষণের নতুন কৌশল যুক্ত হচ্ছে প্রতিনিয়ত। সামগ্রিকভাবে যুগের সঙ্গে পেশাগত জীবন বদলে যাচ্ছে। তাল মিলিয়ে চলতে হলে সব সময় নিজেকে হালনাগাদ রাখতে হবে।
প্রায় ৬৫ বছর আগে যখন বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেছিলাম, তখন কম্পিউটার ছিল না। পিএইচডি করতে যখন স্কটল্যান্ড যাই, তখন সেখানে দেখি আলমারির মতো বিশাল মেইনফ্রেম কম্পিউটার।
অথচ আজ সবার পকেটে থাকা স্মার্টফোনের ক্ষমতা সেই বিশাল কম্পিউটারের চেয়েও অনেক গুণ বেশি। সময়ের সঙ্গে সঙ্গে নতুন প্রযুক্তি, নতুন বিষয় আসতেই থাকবে। এআই নিয়ে যতই সমালোচনা হোক না কেন, এটি টিকে থাকার জন্যই এসেছে। তাই এর সঙ্গে মানিয়ে নিয়ে একে কাজে লাগাতে শিখতে হবে।
পেশাগত জীবনে সফল হতে হলে যেকোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে। আমার কর্মজীবন শুরু হয়েছিল সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে বড় বড় ভবনের নির্মাণকাজ দিয়ে।
কিন্তু সময়ের প্রয়োজনে ও কাজের সুবাদে তা একেবারেই বদলে যায়। আমি এখন পানি ব্যবস্থাপনা, নদী প্রকৌশল, দুর্যোগ ব্যবস্থাপনা, উপকূলীয় প্রকৌশল এবং সবশেষে জলবায়ু পরিবর্তন মোকাবিলার মতো বিষয়ে কাজ করছি।
অনেক বিষয়ই পাঠ্যবইয়ে ছিল না; কাজের প্রয়োজনে সেগুলো শিখে নিতে হয়েছে। যেমন বইয়ের তত্ত্বে যেভাবে নদী সামলাতে হয়, সেভাবে যমুনা বা পদ্মা নদী সামলানো যাবে না। সে জন্য আমাকে যেতে হয়েছে নদীর কাছে। নদীর সঙ্গে কথা বলতে হয়েছে, সেভাবেই সিদ্ধান্ত নিতে হয়েছে।
একইভাবে গঙ্গা পানিচুক্তি বা আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে কাজ করতে গিয়ে কীভাবে দর-কষাকষি করতে হয়, সেটাও শিখতে হয়েছে। শুধু নিজের পঠিত বিষয়ের গণ্ডিতে আটকে থাকলে পেশাগত জীবনে উন্নতি করা সম্ভব নয়। প্রয়োজন অনুযায়ী কাজের ক্ষেত্র পরিবর্তন করার জন্য প্রস্তুত থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়–জীবনের গণ্ডি পার হচ্ছো তোমরা। শেষ করার পর আমার ছোট্ট দুটো পরামর্শ থাকবে, কর্মজীবনে প্রবেশের পরও নিজের বিশ্ববিদ্যালয় ও সহপাঠীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন কোরো না। বিদেশে অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপে সাহায্য করে। তোমাদেরও উচিত সেভাবে এগিয়ে আসা।
মনে রাখবে সহপাঠী ও একই প্রতিষ্ঠানের সিনিয়র-জুনিয়রদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক জীবনের এক অমূল্য সম্পদ। এই নেটওয়ার্ক পেশাগত ও ব্যক্তিগত জীবনে সব সময় পাশে থাকে।
কখন কোথা থেকে সুযোগ আসবে, কারও সেটা জানা নেই। যে কারণে সব সময় নতুন জিনিস শেখার চেষ্টা থাকতে হবে। জীবনে শেখার কোনো শেষ নেই। নতুন পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
পড়াশোনার বিষয়টিতেই আজীবন আটকে থাকতে হবে, এমন কোনো কথা নেই। বরং প্রয়োজন অনুযায়ী কাজের ক্ষেত্র পরিবর্তনের জন্যও প্রস্তুত থাকতে হবে। জীবনটা এভাবেই আনন্দময় হয়ে উঠবে।
শ্রুতলিখন: আসহাবিল ইয়ামিন