ব্যাংক হিসাব খোলার সময় অনেকেই নমিনি নির্বাচনের বিষয়টিকে নিছক একটি আনুষ্ঠানিকতা হিসেবে দেখেন। ফরমে কোনো একজন নমিনির নাম, ছবি ও প্রয়োজনীয় তথ্য দিয়েই দায়িত্ব শেষ বলে মনে করেন। কিন্তু জীবনের অনিশ্চয়তার কথা বিবেচনায় নিলে নমিনি নির্বাচন মোটেও হালকা কোনো বিষয় নয়।

তাড়াহুড়া করে বা যথাযথভাবে বিবেচনা না করে ভুল কাউকে নমিনি করা হলে ভবিষ্যতে নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে। তাই নমিনি নির্বাচনের সময় অন্তত তিনটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন—কাকে নমিনি করা হচ্ছে, কেন তাকে নমিনি করা হচ্ছে এবং ভবিষ্যতে হিসাবধারীর সঙ্গে নমিনির সম্পর্ক কীভাবে পরিবর্তিত হতে পারে।
সিটি ব্যাংক পিএলসির বনানী লেক ভিউ শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার নূর শাহরিয়ার সিদ্দিকী বলছিলেন, খুব কাছের মানুষদের নমিনি করা উচিত। সে ক্ষেত্রে সবার আগে পরিবারের লোকদের বিবেচনায় নিতে হবে। অনেক সময় দেখা যায়, ব্যাংক হিসাব খোলার সময় পরিবারের সদস্যদের প্রয়োজনীয় কাগজপত্র হাতে থাকে না। তখন পরিচিত সহকর্মী বা বন্ধুকে নমিনি করে ফেলেন। পরে অনেক ক্ষেত্রেই তা জটিলতা সৃষ্টি করে।
শাহরিয়ার বলেন, কাগজপত্র জোগাড় করতে হয়তো একদিন বেশি সময় লাগতে পারে। কিন্তু তাড়াহুড়া করে অপরিচিত ব্যক্তিদের নমিনি করা উচিত নয়। কারণ, হিসাবধারীর মৃত্যুর পর এটি নিয়ে উত্তরাধিকারীদের সঙ্গে নমিনির বিরোধ তৈরি হতে পারে। নমিনি ও উত্তরাধিকারীর মধ্যে বিরোধ তৈরি হলে ব্যাংক সেটি সমাধান করতে পারে না। বিষয়টি আদালতে গড়ায়। ব্যাংক কেবল আদালতের নির্দেশনা অনুসরণ করে। এসব জটিলতা এড়াতে পরিবারের লোকদের নমিনি করার পরামর্শ দেন ব্যাংক কর্মকর্তারা।
যদিও পরিবারের মধ্যে নমিনি নির্বাচনের বিষয়টি হিসাবধারীর একান্ত ব্যক্তিগত তবে বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীকে নমিনি করা ভালো। এতে করে হিসাবধারীর সন্তানেরা সহজেই তাঁর সম্পদের সুবিধা পেতে পারেন।
আবার মা-বাবাকে নমিনি করলে বিবেচনায় রাখতে হবে যে তাঁর অবর্তমানে সেই সম্পদের সুবিধা দাম্পত্য সঙ্গী এবং সন্তান যথাযথভাবে পাবে। মূলত মাথায় রাখতে হবে, হিসাবধারী কাদেরকে তার সম্পদের সুবিধাভোগী হিসেবে দেখতে চান এবং তাঁর অবর্তমানে সেটি নিশ্চিত করতে কোন ব্যক্তি নির্ভরযোগ্য। সন্তানকে নমিনি করার ক্ষেত্রে তার বয়স গুরুত্বপূর্ণ। কেননা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সরাসরি অর্থ তুলতে পারে না।
নাম প্রকাশ না করার শর্তে জনতা ব্যাংক পিএলসির এক কর্মকর্তা বলেন, ‘অনেক ক্ষেত্রে ব্যাংকে ঝামেলা হয়। আমরা তখন বিষয়টিকে মানবিকভাবে বিবেচনা করি। কিন্তু অত টাকা তো অপ্রাপ্তবয়স্ক সন্তানের হাতে দেওয়া যায় না। একজন অভিভাবক লাগে। আবার আপনি যে অভিভাবক দেবেন সে যে বিশ্বাসযোগ্য, এটারই–বা গ্যারান্টি কী? এই ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক কাউকে নমিনেট করাই ভালো।’
একাধিক ব্যক্তিকেও নমিনি করা যায়। এ ক্ষেত্রে প্রত্যেকে কত শতাংশ সম্পদ পাবে, সেটি আগে থেকে নির্ধারণ করে দেওয়া যায়। একজনের একাধিক ব্যাংক হিসাব থাকলে সব কটিতে একই নমিনি রাখতে হবে, এমন নয়। কেউ চাইলে সব হিসাবের জন্য একই ব্যক্তিকে নমিনি করতে পারেন। আবার ভিন্ন হিসাবের জন্য ভিন্ন ব্যক্তিকেও নমিনি করা যায়।
ব্যাংকে হিসাবধারীর মৃত্যুর কথা জানালে প্রথমে ব্যাংক সেই হিসাবটির কার্যক্রম বন্ধ করে দেয়। ঢাকা ব্যাংক পিএলসির কারওয়ান বাজার শাখার কর্মকর্তা মেরিন নাজনীন বলেন, ব্যাংক সাধারণত নিজে নমিনিকে খোঁজে না। নমিনিকে এসে অর্থ দাবি করতে হয়। এ জন্য নমিনিকে হিসাবধারীর মৃত্যুসনদসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়।
ব্যাংকের নিয়ম অনুযায়ী, এরপর নমিনির পরিচয় ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হয়। নমিনির নিজের হিসাব না থাকলে সংশ্লিষ্ট ব্যাংকে হিসাব খোলার প্রয়োজন হতে পারে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে হিসাব খোলার সময় দেওয়া নির্দেশনা ও প্রযোজ্য নিয়ম অনুযায়ী অর্থ নিষ্পত্তি করা হয়।
সময়ের সঙ্গে মানুষের সম্পর্ক ও পারিবারিক পরিস্থিতি বদলে যায়। বিয়ে, সন্তানের জন্ম, বিবাহবিচ্ছেদ কিংবা অন্য কোনো পরিবর্তনের কারণে আগের নমিনিকে আর উপযুক্ত নাও মনে হতে পারে। সে ক্ষেত্রে হিসাবধারী চাইলে যেকোনো সময় নমিনি পরিবর্তন করতে পারেন।
নমিনি নির্বাচন শুধু একটি ফরম পূরণের আনুষ্ঠানিকতা নয়; এটি ভবিষ্যতের অনিশ্চয়তার কথা মাথায় রেখে নেওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই আবেগ, তাড়াহুড়া বা সাময়িক সম্পর্কের ভিত্তিতে নয়; বরং পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনা করেই নমিনি নির্বাচন করা উচিত।