প্রাকৃতিক শারীরিক ক্রিয়ার মধ্যে সবচেয়ে বিব্রতকর একটি ক্রিয়া এটি। নিঃশব্দে হলে দুর্গন্ধে নাক চেপে ধরতে হয়। আর সশব্দে হলে তো কথাই নেই। আশপাশে যাঁরা থাকেন, নাক চেপে মুখ টিপে হাসেন কেউ, কেউবা ধমকে ওঠেন। হ্যাঁ, সেই বিশেষ ক্রিয়াটির কথাই বলা হচ্ছে—পায়ুপথে বায়ু নির্গমন। এটি বোঝাতে সোজা বাংলায় যে শব্দটি ব্যবহার করা হয়, তা বলা বা লেখাও বেশ অস্বস্তিকর। অবশ্য এসব স্বস্তি-অস্বস্তির ধার ধারেননি কবি রফিক আজাদ। একটি কবিতায় সোজাসাপটা বলেছেন—‘স্যার, এই ভিড়ের মধ্যে থেকে এবার সশব্দে একটা পাদ দিন তো, দিয়ে প্রমাণ করুন আপনিও একজন মানুষ!’

তাই তো! ব্যাপারটা নিয়ে এত লুকোছাপার কী আছে। এটি অন্ত্রে উৎপাদিত গ্যাস, যা স্বাভাবিক প্রক্রিয়ায় বের হয়। মূলত হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড, মিথেন বা নাইট্রোজেনের মতো গন্ধহীন গ্যাসের মাধ্যমে তৈরি হয়। তবে কিছু খাবার আছে, যেগুলো খেলে বা এই গ্যাসে যদি হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি থাকে, তাহলে তা ভয়ংকর দুর্গন্ধযুক্ত হয়। এই গ্যাস কিন্তু দাহ্য। অবশ্য সে জন্য যে পরিমাণ গ্যাস ছাড়তে হবে, জীবনজুড়েও তা নির্গত করতে পারবেন না। সুতরাং নিশ্চিন্তে গ্যাস ছাড়তে পারেন ইচ্ছেমতো।
ব্যাপারটা নিয়ে আমরা যতই রাখঢাক করি না কেন, কিছু মানুষ কিন্তু একে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশে পেশাদার পাদশিল্পী আছে। তাঁরা নানা রকম সৃজনশীল পদ্ধতিতে, সুরে সুরে, সংগীতের মতো করে গ্যাস নির্গত করে থাকেন। এটি কিন্তু সাম্প্রতিক শিল্প নয়, প্রাচীন ও মধ্যযুগেও এমন শিল্পীদের খোঁজ পাওয়া যায়। ১৮ শতকে জোসেপ পুজল নামে একজন ফরাসি পাদশিল্পী বেশ বিখ্যাত ছিলেন। হাল আমলে এই শিল্পের বিখ্যাত ব্যক্তিটি হচ্ছেন ব্রিটিশ নাগরিক পল ওল্ডফিল্ড, মিস্টার মিথেন নামেই যিনি অধিক পরিচিত। আরও মজার তথ্য আছে। ২০১৩ সালে ফিনল্যান্ড ‘বিশ্ব পাদ চ্যাম্পিয়নশিপ’-এর আয়োজন করে, যা ছিল এটি নিয়ে সংকোচ কাটানোর পথে এক বড় ধাপ।
আজ ৭ জানুয়ারি, পাস গ্যাস ডে। মানে—কী দিবস বুঝতেই পাচ্ছেন। দিবসটির উৎপত্তি সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায় না। তাতে কি! দিনটি নানাভাবে পালন করতে পারেন। এই নিয়ে ব্যক্তিগত কোনো মজার অভিজ্ঞতা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন।
ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে