আজ কাণ্ডজ্ঞান খাটিয়ে চলুন

আজ ৪ নভেম্বর, কাণ্ডজ্ঞান খাটানোর দিন
ছবি: সংগৃহীত

প্রেমিকা তার বাবার সঙ্গে দেখা করতে বলেছেন। খুব আয়োজন করে গেছেন দেখা করতে। দু–একটা কথার পরই আলটপকা এমন একটা কথা মুখ থেকে বেরিয়ে গেল যে ভদ্রলোক হতভম্ব! কিচ্ছু বললেন না। কেবল বাড়ি ফিরে মেয়েকে জানিয়ে দিলেন, ছেলেটির কাণ্ডজ্ঞান কম। কোথায় কী বলতে হয়, জানে না। তুমি অন্য কাউকে ভাবো।

বন্ধুদের জম্পেশ আড্ডা চলছে। দুম করে এক বন্ধু অপ্রাসঙ্গিকভাবে কিছু একটা বলে বসল। অফিসের গুরুত্বপূর্ণ মিটিংয়ের মাঝখানে কেউ একজন শব্দ করে হাই তুলল। বাসে যাচ্ছেন কোথাও। পাশের আসনে বসা সহযাত্রী ফোঁৎ করে নাক ঝাড়লেন। ফুটপাতে হাঁটার সময় একজন পথচারী মুখভর্তি একদলা থুতু ফেললেন। ফুটপাতের দোকান থেকে আয়েশ করে কলা খেলেন একজন। কিন্তু খোসাটা ছুড়ে ফেললেন রাস্তায়। গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আবাসিক ভবনের ওপরতলা থেকে ময়লা পানি ফেললেন নিচে। পড়ল এসে একেবারে আপনার মাথায়। এমন অনেক ঘটনার কথা বলা যায়।

এমন করছেন যাঁরা, এককথায় তাঁদের আমরা বলি কাণ্ডজ্ঞানহীন। এঁরা ঠিক জানেন না কোথায় কী বলতে হয়, কী করতে হয়। এঁরা যেন বলে ফেললেই বাঁচেন, করে ফেললেই বাঁচেন। একটা সাধারণ বিবেচনা বোধ সবার ভেতরেই আছে। কিন্তু এ–জাতীয় মানুষজন তাঁর ব্যবহার জানেন না। এঁদের কেউ কেউ হয়তো বোকাসোকা। বুদ্ধিশুদ্ধি কম। আবার কেউ গাম্বাট, মাথামোটা। পরিবেশ-পরিস্থিতির তোয়াক্কাই করে না। ফলে নিজে যেমন হামেশাই বিপদে পড়েন, তেমনই আশপাশের মানুষেরও বিরক্তির কারণ হয়ে দাঁড়ান।

আজ ৪ নভেম্বর, কাণ্ডজ্ঞান খাটানোর দিন (ইউজ ইয়োর কমন সেন্স ডে)। মনে করা হয়, কাণ্ডজ্ঞান ধারণাটি প্রথম সামনে আনেন দার্শনিক অ্যারিস্টটল। এরপর ফরাসি দার্শনিক রনে দেকার্তে কমন সেন্সের সবচেয়ে আধুনিক সংজ্ঞা দিয়েছেন। কমন সেন্স নিয়ে সুন্দর কথাটি বলেছেন আমেরিকান অভিনেতা উইল রজার্স। তিনি বলেন, ‘কমন সেন্স অতটা কমন ব্যাপার না।’

মোক্ষম কথা। চারপাশে তাকালেই দেখা যায়, বুদ্ধিদীপ্ত মানুষের কত অভাব! কাণ্ডজ্ঞানের কী নিদারুণ সংকট! ও হ্যাঁ, উইল রজার্সের জন্মদিন ৪ নভেম্বর। এ জন্যই কাণ্ডজ্ঞান ব্যবহার দিবস হিসেবে এর প্রবর্তক লেখক ও ব্লগার বাড বিলানিচ এই দিনটিকে বেছে নিয়েছেন। ২০১৫ সাল থেকে এই দিবস পালিত হয়ে আসছে।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে