
‘চলছে শেষ মুহূর্তের কেনাকাটা’, দৈনিক পত্রিকাগুলোয় ঈদ, পূজা, বড়দিন কিংবা পয়লা বৈশাখের মতো উৎসবের আগে এমন সংবাদ প্রায়ই দেখা যায়। উৎসবের এক–দুই দিন আগে মানুষের কেনাকাটার হিড়িক পড়ে, বিপণিবিতানে থাকে উপচে পড়া ভিড়।
একেবারে শেষ মুহূর্তেই কেন এমন তাড়াহুড়া? হাতে সময় রেখে ঘুরেফিরে, দেখেশুনে তো কেনাকাটা করা যেতে পারে। অথচ সপ্তাহ বা মাসজুড়ে কোনো হেলদোল নেই, যত হুড়োহুড়ি শেষ মুহূর্তে!
নানা কারণেই এমন হয়। পরিবারের কর্তাব্যক্তিটি হয়তো কর্মব্যস্ততায় সময় বের করতে পারেন না। কেউ নিছক আলস্যের কারণে ‘আজ যাই, কাল যাই’ করে করে দেরি করেন। কারও কারও আবার ভিড়বাট্টা একদমই পছন্দ নয়। হাটবাজারের হই–হুল্লোড় যতটা পারেন, এড়িয়ে চলেন। তবে ব্যাপার যা–ই হোক, শেষ পর্যন্ত নিজের প্রয়োজনে কিংবা পরিজন বা প্রিয়জনের আবদারে বিপণিবিতানে যেতেই হয়। অনেক সময় আবার কেনাকাটায় কিছু বাদ পড়ে গেলেও শেষ মুহূর্তে দৌড়াতে হয় মার্কেটে।
কাল ২৫ ডিসেম্বর, বড়দিন। অনেকেরই হয়তো অনেক কেনাকাটা বাকি। কেউ কেউ হয়তো এখনো মার্কেটেই যেতে পারেননি। তাঁদের জন্য কিন্তু আজই শেষ দিন। আর এই শেষ দিনের শেষ মুহূর্তের ক্রেতাদের জন্য চালু আছে একটি বিশেষ দিবস-লাস্ট মিনিট শপারস ডে।
আজ ২৪ ডিসেম্বর, আজই সেই দিবস। ক্রিসমাসের কেনাকাটা মৌসুমের অন্য সব দিবস, যেমন ব্ল্যাক ফ্রাইডে বা সাইবার মানডের মতো লাস্ট মিনিট শপারস ডেও বেশ জনপ্রিয়। যাঁরা এখনো কেনাকাটা করেননি, তাঁরা তো যাবেনই; যাঁরা করেছেন, তাঁরাও একটু পণ্যতালিকা মিলিয়ে দেখুন, কিছু বাদ পড়ল কি না। যদি বাদ পড়ে থাকে, তো শেষ মুহূর্তে কেনাকাটা হয়ে যাক!
ন্যাশনাল টুডে ডটকম অবলম্বনে