বেগম রোকেয়ার সঙ্গে আমার যখন দেখা হয় তখন তো আমি ছোট। ছয়-সাত বছর বয়স। বেগম রোকেয়ার দারুণ প্রভাব আমার জীবনে। আম্মাকে ‘ফুফু আম্মা’ ডাকতেন বেগম রোকেয়া। রক্তের সম্পর্ক কিনা জানি না, তবে কুটুম্বিতা ছিল।তিনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম বলে একটা সমিতি করেছিলেন। হিন্দু-মুসলমান সব মেয়ে সেই সমিতির সভ্য ছিল। তা ওখানে আমিও সভ্য হলাম। লেখাপড়া আর কী শিখব, প্রায়ই আমরা যেতাম। তিনিও আসতেন প্রায়ই আমাদের ওখানে।তাঁর আদর্শটাই তো আমার মনে আছে। কিন্তু ওই রকম কি আর পারি? কোথায় বেগম রোকেয়া, আর কোথায় আমি। আমার সাধ্যে কি কুলায়? তাঁর আদর্শ তো আমার জীবনের সঙ্গে একদম লেপ্টে গেছে। আর ওই আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম যে তিনি করলেন, ওইটার কাজ নিয়ে কলকাতায় বস্তিতে বস্তিতে আমরা কাজ করেছি। সেই সমিতিতে তখন এলেন একদল নামী মহিলা। লেডি গজনবী থেকে শুরু করে লেডি ফারুকি, মিসেস মোমেন, মিসেস গফফার, বেগম শামসুন্নাহার মাহমুদ—আমরা সবাই তাঁর সভ্য ছিলাম। বেগম রোকেয়া বলতেন, ‘দ্যাখো, এই যে কাছে আসেন যাঁরা—বোরকা পরেই আসুন বা শাড়ি পরেই আসুন বা পায়জামা পরেই আসুন—তাঁরা যে এই মিটিংয়ে আসেন, এইটাই খালি উন্নতি না, আসলে দেখতে হবে আমাদের আরও যে নির্যাতিত বোনেরা রয়েছে, ভাইয়েরা রয়েছে তাদের। তোমরা যাও, তোমরা কাজ করো। এই স্কুলে যতক্ষণ তোমরা আমার সঙ্গে কথা বলবে, তার চেয়ে তোমরা যদি বস্তিতে গিয়ে আমাদের ভাইদের-বোনদের বোঝাও, তাহলে আমাদের সমাজের উন্নতি হবে। ওরা যদি স্কুলে নাও আসতে চায় তবু ওদের একটু লেখাপড়া শেখাও।’ আমরা তাই পাড়ায় পাড়ায় গিয়েছি। কত মহিলা আমাদের সঙ্গে আগ্রহ করে লেখাপড়ার জন্য ঘরে ঘরে বয়স্ক শিক্ষাকেন্দ্র খুলতে চেয়েছেন। কত মহিলা আমাদের সঙ্গে আগ্রহ করে মিশতে চেয়েছেন। কিন্তু তাঁদের স্বামীরা বলেছেন, ‘ইয়ে লোগ তো খারাপ আওরাত হ্যায়’, ‘ইয়ে লোগকো মাত আনে দো’, ‘ইয়ে লোগ বস্তি বস্তিমে ঘুমতা।’ কলিকাতার বস্তিওয়ালারা এসব বলতেন। তবু আমরা গেছি। কেউ কেউ আবার আদর করে বসিয়েছে, ‘বোন বসেন, চা খান। আপনারা কেন এসেছেন?’ এ রকম করে আমাদের জিজ্ঞাসা করেছেন।নারী-প্রগতির বিরুদ্ধবাদীরা বেগম রোকেয়াকে লম্বা লম্বা চিঠি দিয়ে লিখেছে যে তার স্কুলের ছাত্রীরা খ্রিষ্টান হয়ে যাবে, বেহায়া হয়ে যাবে, লেখাপড়া শিখিয়ে ঘরের বাইরে বের করে আনবে। কিন্তু তিনি তো তা চাননি। তিনি নিজেও পর্দা করেছেন। এই তো কথায় কথায় আসে সওগাত-এর সম্পাদক নাসিরউদ্দীন সাহেবের কথা। বেগম রোকেয়া সওগাত-এ লিখতেন।নাসিরউদ্দীন সাহেব যখন তাঁর সঙ্গে সাক্ষাত্ করতে চাইলেন তখন মাঝখানে পর্দা দিয়ে কথা হলো। নাসিরউদ্দীন সাহেব জিজ্ঞাসা করলেন, ‘আপনি তো পর্দার ব্যাপারে এ রকম করেন। মেয়েদের বলেন, অবরোধ মুক্ত হতে। আপনি বোরকা ছাড়া বেরোন না কেন?’ তিনি তখন বললেন, ‘আমি যদি তা করি, তাহলে স্কুলটা তো থাকবে না।’‘পর্দা মানুষের মনের মধ্যে। খালি কি বোরকায় ঢাকা? আর কোন দেশে এ রকম বোরকা? তা ছাড়া আমরা বাঙালি—আমাদের দেশে কি বোরকার চলন ছিল? একটা চাদর নিয়ে বেরোলেই তো যথেষ্ট।’ তিনি এ রকম কথা বলতেন।সূত্র: প্রথম আলো, ১৭ জানুয়ারি ১৯৯৯