ইরাকের রাজধানী বাগদাদের ২৫ কিলোমিটার উত্তরে তাজি শহরে এক গাড়িবোমা হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। বিবিসির খবরে বলা হয়, সেনাঘাঁটির প্রবেশদ্বারে এ হামলায় নিহত লোকজনের অনেকেই নবনিযুক্ত সেনা সদস্য। নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ও হাসপাতালের এক চিকিত্সক আজ মঙ্গলবার এ তথ্য জানান। তাঁরা বলেন, স্থানীয় সময় দুপুর ১২টায় এ হামলা চালানো হয়। এনডিটিভির খবরে বলা হয়, আজ তাজি শহরের ওই সেনাঘাঁটিতে নতুন সেনাদের নিয়োগ অনুষ্ঠানের সময় হামলা চালানো হয়। অতীতেও এ ধরনের দিবসে জঙ্গিদের হামলায় অনেক মানুষ নিহত হয়েছিল।গত ২৪ জুলাই তাজি শহরে সিরিজ বোমা হামলায় কমপক্ষে ৪২ জন নিহত হয়। এরপর আজকের হামলাটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী।