ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত একটি এলাকায় আজ মঙ্গলবার দুটি পৃথক গাড়িবোমা হামলায় কমপক্ষে ১০ ব্যক্তি নিহত ও ৩১ জন আহত হয়েছে। পুলিশ ও চিকিত্সা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিয়া অধ্যুষিত সদর সিটিতে এ হামলার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সদর সিটিতে কাজের জন্য অপেক্ষমাণ শ্রমিকদের কাছে প্রথম গাড়িবোমাটি বিস্ফোরিত হয়। আর একই শহরে দ্বিতীয় গাড়িবোমাটি বিস্ফোরিত হয় একটি ট্রাফিক সিগন্যালে। ইরাকে শিয়া-সুন্নি রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে শিয়াদের ওপর বোমা হামলার ঘটনা বেড়েই চলেছে। এতে দেশটির রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।