ইয়েমেনে আত্মঘাতী হামলায় নিহত ৬৩ (ভিডিও)

ইয়েমেনের রাজধানী সানায় আজ সোমবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানা যায়।আল-সাবিন স্কয়ারে সামরিক কুচকাওয়াজের মহড়া চলাকালে এ হামলা চালানো হয় বলে কর্মকর্তারা জানান।সেনাবাহিনীর পোশাকপরা ওই হামলাকারী একদল সেনাসদস্যের মধ্যে গিয়ে এ বিস্ফোরণ ঘটায়। এখন পর্যন্ত কেউ এ হামলার দায়িত্ব স্বীকার না করলে সেনারা এ ঘটনায় আল-কায়েদাকে দায়ী করছেন।গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট আবদরাব্বু মানসুর হাদি ক্ষমতা নেওয়ার পর এটি সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর স্কয়ার থেকে সেনাসদস্যরা ছড়িয়ে-ছিটিয়ে পড়েন। অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।প্রতিরক্ষামন্ত্রী নাসের আহমেদ ও সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ওই সময় ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তাঁরা অক্ষত রয়েছেন।