পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ভারত আঞ্চলিক সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশের গৃহীত উদ্যোগের প্রশংসা করেছে। আজ মঙ্গলবার বিকেলে সোনারগাঁও হোটেলে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকের পরে তিনি এ কথা বলেন।এদিকে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিস্তা চুক্তি বা ট্রানজিট হবে কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে আমরা পর্যায়ক্রমিক উন্নতি হিসেবে দেখছি।’ তিনি বলেন, ‘একটি চুক্তি না হওয়া মানে...আমাদের চেষ্টা করে যেতে হবে।’পররাষ্ট্রসচিব বলেন, ‘আমরা সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাব। সব একবারে না-ও হতে পারে। তবে এই প্রক্রিয়া চলতে থাকবে।’ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির কাছে তিস্তা পানি চুক্তি ও ট্রানজিট নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাওয়া হয়। তিনি বলেন, সুনির্দিষ্ট এ বিষয়টিতে আলোচনা হয়নি। এ অঞ্চলের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন যাতে দেখা যায়, সে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।বাংলাদেশের ৮ মন্ত্রীর সঙ্গে ভারতের ৪ মুখ্যমন্ত্রীর বৈঠক: আমাদের বিশেষ প্রতিনিধি জানান, বাংলাদেশের আটজন মন্ত্রীর সঙ্গে ভারতের চারজন মুখ্যমন্ত্রী সোনারগাঁও হোটেলে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া সহজ করা, পারস্পরিক সহযোগিতা, পর্যটন, বাণিজ্য ও সীমান্ত সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।বৈঠকে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক উপস্থিত ছিলেন।ভারতের পক্ষে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ও মিজোরামের মুখ্যমন্ত্রী পু লালথানওয়ালা।