কুষ্টিয়া সদরে বিশ্ববিদ্যালয় থানা এলাকায় দুর্বৃত্তরা তব্বির রহমান নামের একজন সম্ভাব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে বোমা হামলা চালিয়েছে। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করেছে।তব্বির রহমান মুঠোফোনে প্রথম আলোকে জানান, আজ ভোরে হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গায় তাঁর বাড়িতে দুর্বৃত্তরা পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় তিনি না থাকলেও তাঁর স্ত্রী-কন্যা বাসায় ছিলেন। তিনি আরও জানান, আসন্ন ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী। তাঁকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হতে পারে।ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তব্বিরের বাড়ির উঠান ও রান্নাঘরের ওপর দুটি বোমা বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে। কারা এ হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।