কুড়িগ্রামে ট্রাক উল্টে নিহত ৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীর ঝাড়ে আজ বুধবার ভোরে গরুবোঝাই ট্রাক উল্টে তিনজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অপর দুই গরু ব্যবসায়ী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোর চারটার দিকে ভূরুঙ্গামারী থেকে বগুড়া যাওয়ার সময় একটি গরুবোঝাই ট্রাক আন্ধারীর ঝাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুলাল (৬০), আমীর (৫৫) ও হান্নানের (৫০) মৃত্যু হয়। আহত মুয়াজ্জিন (৫৫) ও সোহেলকে (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি বগুড়ার শিবগঞ্জে।ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কফিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরই ড্রাইভার পালিয়ে যায়।