বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ তিন বছরের বেশি বাড়ানো হয়েছে। গতকাল বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি হয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১ মে থেকে বা যোগদানের তারিখ থেকে তাঁর বয়স ৬৫ হওয়া পর্যন্ত চাকরির এ মেয়াদ বাড়ানো হয়েছে। অর্থাত্, ২০১৬ সালের ২ আগস্ট পর্যন্ত গভর্নর পদে আতিউর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ২ মে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পান অর্থনীতিবিদ আতিউর রহমান। চলতি মাসের ৩০ এপ্রিল তাঁর প্রথম মেয়াদ শেষ হওয়ার কথা।