জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের চূড়ান্ত যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। ১৭ এপ্রিল রাষ্ট্রপক্ষ যুক্তি খণ্ডন করবে। ওই দিন এ মামলার রায়ের তারিখ ধার্য হতে পারে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।আজ সোমবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তারিখ ধার্য করেন।আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক ও ইমরান এ সিদ্দিক আজ যুক্তি উপস্থাপন করেন। পরে আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, গোলাম আযমের বিরুদ্ধে কোনো অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি। অভিযোগ গঠনটি ছিল ত্রুটিপূর্ণ। গণহত্যার যে অভিযোগ আনা হয়েছে, তা-ও সঠিক নয়। কারণ, গণহত্যার আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সংজ্ঞা রয়েছে, এখানে তা পূরণ হয়নি। তিনি বলেন, গঠিত অভিযোগগুলো ভেগ। এতে মানবতাবিরোধী ও গণহত্যার অভিযোগগুলো প্রমাণিত হয় না।পরে জবাব দেওয়ার জন্য রাষ্ট্রপক্ষ সময় চাইলে ট্রাইব্যুনাল ১৭ এপ্রিল তারিখ ধার্য করেন। শারীরিক অসুস্থতার কারণে গোলাম আযমকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।