ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের আলাদা দুটি হামলায় নিরাপত্তা বাহিনীর ছয়জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। বিবিসি অনলাইনের খবরে এ কথা বলা হয়েছে।পুলিশ জানিয়েছে, গতকাল রোববার বিকেলে রাজ্যের দান্তেওয়াড়া জেলায় পুলিশ সদস্য বহনকারী একটি গাড়ির নিচে মাওবাদী বিদ্রোহীরা ভূমিমাইন বিস্ফোরণ ঘটায়। এতে চারজন পুলিশ সদস্য নিহত ও চারজন আহত হন। গতকাল কাঙ্কের জেলায় মাওবাদীদের অতর্কিত হামলায় আধাসামরিক বাহিনীর দুজন সদস্য নিহত ও চারজন আহত হর। পুলিশ কর্মকর্তারা জানান, এ সময় বন্দুকযুুুদ্ধে কয়েকজন বিদ্রোহীও নিহত হয়। তবে ঘটনাস্থল থেকে পুলিশ একজন বিদ্রোহীর মৃতদেহ উদ্ধার করেছে।গত এক মাসে ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৩০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছেন। বিবিসি।