জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. কামালউদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। এদিকে মামলায় গ্রেপ্তারের ভয়ে আজ বুধবার ক্যাম্পাসে ছাত্রলীগের কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি।প্রক্টর প্রথম আলো অনলাইনকে বলেন, গতকাল বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার অভিযোগে এ মামলা করা হয়েছে।চাঁদাবাজিকে কেন্দ্র করে গতকাল ছাত্রলীগের উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন কর্মী আহত হয়েছে। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত কয়েক দফায় এ সংঘর্ষ চলে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ ও যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফুজ্জামানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।