হাইতিতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ১২০ জন পুলিশকে নিয়ে গঠিত ফরমড পুলিশ ইউনিট (এফপিইউ) জাতিসংঘ পদক পেয়েছে। আজ বুধবার আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।আইএসপিআর জানায়, ১০ মে হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ওই ১২০ জন পুলিশকে জাতিসংঘ পদক দেওয়া হয়। এ সময় হাইতিতে জাতিসংঘের মহাসচিবের বিশেষ ডেপুটি প্রতিনিধি নাইজেল ফিশার, জাতিসংঘের পুলিশ কমিশনার (ইউএনপিওএল) মার্ক টার্ডিফ, বাংলাদেশ এফপিইউ-১ এর কনটিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাশিবুল আলম উপস্থিত ছিলেন। গত বছরের জুন থেকে এফপিইউ হাইতিতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কাজ করছে। ইউএনবি