২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জার্মানির হামবুর্গে একটি মসজিদ বন্ধ করে দিয়েছে সে দেশের পুলিশ। টুইন টাওয়ারে আত্মঘাতী বিমান হামলার আগে জঙ্গিরা এ মসজিদেই বৈঠক করেছিল বলে পুলিশ জানিয়েছে।হামবুর্গের সেন্ট জর্জ সড়কে অবস্থিত এ মসজিদটি ‘আল-কুদস মসজিদ’ নামে পরিচিত। ৯/১১ হামলার পর থেকেই মসজিদটি পুলিশের নজরদারিতে ছিল। আজ সোমবার জার্মান পুলিশের একটি বিশেষ দল এ মসজিদে অভিযান চালায়।এ মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট একটি সাংস্কৃতিক সংগঠন ইসলামি চরমপন্থীদের সহায়তা করে বলে সন্দেহ করছে পুলিশ। উজবেকিস্তানের ইসলামি আন্দোলনের সদস্যরা জিহাদি প্রশিক্ষণ ক্যাম্পে যাওয়ার আগে এ মসজিদে মিলিত হয়েছিল বলেও তদন্তকারী দল অনুমান করছে।সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে জার্মানির গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, এটি হামবুর্গে ইসলামি জঙ্গিদের সংগঠিত হওয়ার একটি প্রধান কেন্দ্র।—বিবিসি অনলাইন।