জি বাংলা সিনেমা সম্প্রচার বন্ধ না করলে ব্যবস্থা

সরকারি অনুমোদনহীন ‘জি বাংলা সিনেমা’ চ্যানেলের সম্প্রচার বন্ধ করতে বলা হয়েছে। আজ সোমবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়। তথ্য বিবরণীতে বলা হয়, ‘জি বাংলা সিনেমা’ কেবল টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে ডাউনলিংক করে এ দেশে সম্প্রচার করার জন্য সরকার অনুমোদন দেয়নি। কিছু কেবল অপারেটর তাদের নেটওয়ার্কে ওই চ্যানেল ডাউনলিংক করে সম্প্রচার করছে, যা কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬-এর পরিপন্থী। এসব কেবল অপারেটরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।