টাকা বহনে পুলিশের সহায়তা নেওয়া যাবে

টাকা বহনের সময় পুলিশের সহায়তা নেওয়ার অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বুধবার ডিএমপি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে। ডিএমপি কমিশনার বেনজীর আহমেদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজানে ও ঈদুল ফিতর উপলক্ষে বেচা-কেনা, ব্যবসা-বাণিজ্য, লেনদেন ও স্থানান্তর বৃদ্ধি পায়। কোনো ব্যক্তি, ব্যাংক বা প্রতিষ্ঠান অর্থ স্থানান্তরের সময় পুলিশের সহায়তা চাইলে তা দেওয়া হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানা বা পুলিশ নিয়ন্ত্রণকক্ষে (কন্ট্রোল রুম) যোগাযোগ করতে বলা হচ্ছে। নিয়ন্ত্রণকক্ষের নম্বর: ফোন ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০, ০১৭১৩-৩৯৮৩১১, ৯৯৯-২২২২ ও ২২২৩ (ডিএমপি)।