একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য প্রসিকিউটর হিসেবে তুরিন আফরোজকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলো ডটকমকে এ কথা জানান।এর আগে ১২ ফেব্রুয়ারি হোসেন-ই-মঞ্জুর ও সানিয়ান রহমানকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হলেও পরে তা স্থগিত করা হয়।তুরিন আফরোজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যাপনা করছেন। তিনি একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির আইনবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন ১৯৭৩-এর ৭(১) ধারা অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য তুরিন আফরোজকে প্রসিকিউটর নিয়োগ করেছে। যোগ দেওয়ার তারিখ থেকে তাঁর এ নিয়োগ কার্যকর হবে। নবনিযুক্ত এ প্রসিকিউটর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় আর্থিক সুযোগ-সুবিধা পাবেন। আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়াধীন আইন ও বিচার বিভাগের সলিসিটর শাখা আজ এ-সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে।তুরিন আফরোজকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিয়োগ প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচার ও আইন সম্পর্কে তুরিন আফরোজ যথেষ্ট গবেষণা করেছেন। মেধা ও গবেষণালব্ধ জ্ঞান দিয়ে তিনি প্রসিকিউশন দলকে সমৃদ্ধ করতে পারবেন বলে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।