ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যোৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ আয়োজন করেছে ‘কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব’। ষষ্ঠবারের মতো আয়োজিত ১০ দিনের এই উৎসবের নাটকগুলো মঞ্চস্থ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তন, নাটমণ্ডল ও জগন্নাথ হল মাঠে। এবার উৎসবে অংশ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ, জাহাঙ্গীরনগর নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগ, রাজশাহীর রঙ্গরস থিয়েটার ও কুমিল্লার জারিগানের দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রহমত আলী বলেন, ‘শিক্ষার্থীদের পাঠ ও প্রয়োগের অনুশীলন করার জন্য প্রতিবছর আমরা এই নাট্যোৎসব আয়োজন করছি।’ ৩১ জানুয়ারি পর্যন্ত উৎসব চলবে।