ঢাকা ওয়াসার ড্রেনেজ (ও অ্যান্ড এম) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নূরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার তাঁকে বরখাস্ত করা হয়। গতকাল রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক দায়িত্বে অবহেলার জন্য তাঁকে বরখাস্ত করার নির্দেশ দেন।জানা গেছে, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক গতকাল রোববার রাজধানীর মৌচাক মার্কেটে বিভিন্ন রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা দেখতে আকস্মিক পরিদর্শনে যান। সেখানে তিনি ওয়াসার স্টর্ম সুয়ারেজ লাইন ব্লক হয়ে পানি নিষ্কাশনব্যবস্থার বেহাল দশা ও জলাবদ্ধতা দেখতে পান।প্রতিমন্ত্রী এ সময় মুঠোফোনে ওয়াসার সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।ওই সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ওয়াসার ডিএমডি লিয়াকত আলী ছিলেন। প্রতিমন্ত্রী তাঁকে এ কাজের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী মো. নূরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ দেন।প্রতিমন্ত্রী হুঁশিয়ার করে বলেন, অন্যান্য এলাকার কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বে অবহেলা করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।এ ব্যাপারে তিনি রাজধানীবাসীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে মন্ত্রণালয়ের কাজে সাহায্য করার পরামর্শ দেন।