দিনাজপুরে বয়লার বিস্ফোরণে নিহত ২

দিনাজপুর শহরের ফুলহাট শিল্প এলাকায় আজ শুক্রবার সকালে একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণে দুজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে চারজন। হতাহতেরা রাইস মিলটির শ্রমিক।নিহতেরা হলেন—সাদ্দাম হোসেন (২০) ও সুমন (১৯)। আর আহতেরা হলেন—মোতাল্লেব (৩৫), সাগর (১৩), লিয়াকত (৪৫) ও অজ্ঞাত (১৫) এক কিশোর।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে শহরের ফুলহাট শিল্প এলাকায় আবদুল গফুর রাইস মিলে আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে দুজন শ্রমিক নিহত ও চারজন গুরুতর আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। বয়লার বিস্ফোরিত হয়ে গরম পানিতে তাদের শরীর ঝলসে গেছে।রাইস মিলের মালিক আবদুল গফুর বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।