নবাবগঞ্জ উপজেলার উত্তর বালুখণ্ড গ্রামের বাজারে দুর্বৃত্তরা আজ শুক্রবার সকালে আবদুল হালিম (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। কথাকাটাকাটির জেরে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল নয়টার দিকে আরেকজনের জমির বিষয় নিয়ে আবদুল হালিম, রুবেল ও জমির হোসেনের সঙ্গে স্থানীয় ফায়েজ ও গিয়াসের কথাকাটাকাটি হয়। এর জের ধরে ফায়েজ ও গিয়াসের লোকজন ওই তিনজনের ওপর ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে হামলা চালায় এবং পিটিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই হালিমের মৃত্যু হয়। আহত রুবেল ও জমিরকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।