ঢাকার নবাবগঞ্জ উপজেলার পাতিলঝাপ এলাকায় গতকাল শনিবার গভীর রাতে গণপিটুনিতে দেলোয়ার (৩৫) নামের একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, দেলোয়ার ডাকাত ছিলেন। তিনি আন্তজেলা ডাকাতদল দেলু বাহিনীর প্রধান। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল দিবাগত রাত তিনটার দিকে নবাবগঞ্জ উপজেলার পাতিলঝাপ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাতকে এলাকাবাসী আটক করে। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলে দেলোয়ারের মৃত্যু হয়। আর গুরুতর আহত মো. রনি ও আলমগীর হোসেন নামের দুজনকে এলাকাবাসী পুলিশে সোপর্দ করে। দেলোয়ারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। দেলোয়ারের মৃত্যুর খবরে এলাকাবাসী শান্তি মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম বলেন, দেলোয়ার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে।