ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর একটি নির্দেশ পেলে সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। দেশে ইসলাম, ইসলামি শিক্ষা ও ইসলামি নেতৃত্বের ওপর আঘাত এলে শিবিরের লাখো কর্মী জীবন দিয়ে তা প্রতিহত করবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে আজ সোমবার তিনি এ কথা বলেন।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। তিনি বলেন, তাঁরা ছাত্রদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চান না। তবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামের বিরুদ্ধে আঘাত এলে কী করতে হবে, তা বলে দিতে হবে না। জাতীয় পতাকা উত্তেলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জামায়াতের অনেক নেতাই তখন জাতীয় সংগীতের সঙ্গে সুর মেলান।