জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আজ রোববার শুনানি হয়নি। আসামিপক্ষের আইনজীবীরা এই মামলার অভিযোগের শুনানি চার সপ্তাহ মুলতবি করার আবেদন জানান। কাল সোমবার এ বিষয়ে আদেশ দেওয়া হবে। আজ সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক শুনানি মুলতবির আরজি জানিয়ে বলেন, আসামিপক্ষের কাছে সরবরাহ করা মামলার নথিপত্রের ৪১৬টি পৃষ্ঠা পাঠের অযোগ্য। এ কারণে আইনজীবীরা মামলার প্রস্তুতি নিতে পারেননি। পরে এ বিষয়ে আরজি জানালে ট্রাইব্যুনাল কাল আদেশের জন্য দিন ধার্য করেন। বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শেষ হয়।এর আগে সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মতিউর রহমান নিজামীকে ট্রাইব্যুনালে আনা হয়।