নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ আনার প্রতিবাদে আজ মঙ্গলবার অর্ধদিবস পরিবহন ধর্মঘট পালন করেছে হবিগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। ভোর ছয়টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট দুপুর দুইটা পর্যন্ত চলে। এসময় যাত্রীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়।গত ২৩ ফেব্রুয়ারি শাজাহান খানের বিরুদ্ধে যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি অভিযোগ আনে, তাঁর স্বেচ্ছাচারিতার কারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) অকার্যকর হয়ে পড়েছে। ওই অভিযোগের প্রতিবাদে আজকের এ ধর্মঘট ছিল, জানিয়েছে হবিগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের একটি সূত্র। শ্রমিক ইউনিয়নের ধর্মঘট কর্মসূচির সঙ্গে হবিগঞ্জ বাস মালিক সমিতিও একাত্মতা ঘোষণা করেছিল। এ উপলক্ষে জেলা বাসস্ট্যান্ড এলাকায় এক সমাবেশও অনুষ্ঠিত হয়। এ ধর্মঘটের কারণে ওই সময় হবিগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য জেলার সব ধরনের সড়ক পরিবহন বন্ধ থাকলেও দুইটার পর থেকে আবার চালু হয়।