সড়কে গাড়ি চালাতে চালাতে মুঠোফোনে বার্তা পাঠানোর ঘটনায় যুক্তরাষ্ট্রে প্রতিবছর পাঁচ হাজারের বেশি মানুষ মারা যায়। এই প্রাণহানি ঘটে সড়ক দুর্ঘটনায়। সাম্প্রতিক এক সমীক্ষার ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। আজ সোমবার পিটিআইয়ে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।সমীক্ষার ফলাফলে পাওয়া তথ্যমতে, গাড়িতে চালকের আসনে বসে এভাবে মুঠোফোন ব্যবহারের মতো চিত্তচাঞ্চল্য অল্পবয়সী তরুণ-তরুণীর মধ্যে বেশি দেখা যায়। পিটিআইয়ের খবরে বলা হয়, দূরপাল্লার গাড়ি ও ট্রাকচালকদের গাড়ি চালানোর ধরনের ওপর ২০০৯ সালে ওই সমীক্ষা চালানো হয়। এতে দেখা যায়, যারা গাড়ি চালানোর সময় মুঠোফোন বার্তা পাঠানো বা তথ্য আদান-প্রদান করে না, তাদের তুলনায় গাড়ি চালানো অবস্থায় মুঠোফোন ব্যবহারকারীদের দুর্ঘটনায় পড়ার ঝুঁকি ২৩ গুণ বেশি।সমীক্ষার সঙ্গে জড়িত পরিবেশ-বিষয়ক গবেষক ইউভিদ হোসানস্কি বলেন, প্রতিটি বার্তা লেখার সময় গাড়িচালকেরা গড়ে ৪ দশমিক ৬ সেকেন্ডের জন্য সড়ক থেকে দৃষ্টি সরিয়ে নেন। এ সময় গাড়ির গতি যদি ঘণ্টায় ৫৫ মাইল হয়ে থাকে, তাহলে চালক সামনে লক্ষ না রেখেই একটি ফুটবল মাঠের দৈর্ঘ্যের সমান দূরত্ব পার হন। এ সময় দুর্ঘটনা ঘটা খুব স্বাভাবিক।