দেশের সবচেয়ে বড় কট্টরপন্থী ইসলামি দল আহলে সুন্নাহ ওয়াল জামায়াতকে নিষিদ্ধ করেছে পাকিস্তান। আজ শনিবার বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠনটি নিষিদ্ধ করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা বলা হয়েছে। তবে সংগঠনটির প্রধান মওলানা মোহাম্মদ আহমেদ লুদিয়ানভি সরকারের এ পদক্ষেপকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন। তিনি জানান, সরকারের এ আদেশের বিরুদ্ধে তাঁরা আদালতে যাবেন।পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ ২০০২ সালে সর্বপ্রথম সংগঠনটি নিষিদ্ধ করেন। আল-কায়েদাপন্থী এ সংগঠনটি আগে সিপাহ-ই-সাহাবা (এসএসবি) নামে পরিচিত ছিল। সংগঠনটির বিরুদ্ধে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোসহ শত শত শিয়া মুসলমানদের হত্যার অভিযোগ রয়েছে।