পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল

চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর টোলঘরের কাছে আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে পুলিশের একটি গাড়িতে ককটেল ছোড়েন হরতাল-সমর্থকেরা। এ সময় গাড়িটি থামানো অবস্থায় ছিল।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পুলিশ পিকেটারদের ধাওয়া করে। এ সময় পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল ছোড়ে। পুলিশ বাধা দিলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাবারের গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হন।চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মেদ প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশ তিনটি কাঁদানের গ্যাসের শেল ও শতাধিক রাবারের গুলি ছোড়ে। এ ছাড়া র্যাব আরও ২৫টি রাবারের গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে ককটেলসহ একজনকে আটক করা হয়েছে।