জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের বাধায় জামায়াতে ইসলামীর মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে গেছে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে তারা সেখানে জড়ো হতে থাকে। তবে পুলিশ ধরপাকড় ও লাঠিপেটা করে তাদেরকে সরিয়ে দেয়। পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে ১৭ জনকে আটক করে।‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি’র প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী এ কর্মসূচি পালন করছিল।ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের ডেপুটি কমিশনার কৃষ্ণপদ রায় জানান, কিছু দুষ্কৃতকারী মানববন্ধনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাঁয়তারা করছিল। পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।অন্যদিকে মানববন্ধনে দাঁড়াতে না পেরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা প্রেসক্লাবের ভেতরে প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। সেখানে আয়োজিত তাত্ক্ষণিক প্রতিবাদ সমাবেশে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘পুলিশ অন্যায়ভাবে আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে বাধা দিয়েছে। আমরা ভবিষ্যতে হরতালের মতো কর্মসূচি দিয়ে এ সরকারের পতন ঘটাব।’দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রেসক্লাবের সামনে বিএনপি এক মানববন্ধন কর্মসূচি পালন করে। কিন্তু তাদের কর্মসূচি শেষ না হতেই জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সেখানে বিএনপির সঙ্গে যোগ দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে।