সাম্প্রদায়িকতা নিয়ে জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্যের জের ধরে রামুতে বৌদ্ধদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া দাবি করেছেন।আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘চলমান রাজনীতি: সরকারের ভূমিকা’ নিয়ে এক আলোচনা সভায় রফিকুল ইসলাম মিয়া এ দাবি করেন। ইয়ুথ ফোরাম নামের একটি সংগঠন এর আয়োজন করে।রফিকুল ইসলাম অভিযোগ করেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছেন। বিভিন্ন পত্রিকায় এসেছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত।’রামুর ক্ষতিগ্রস্ত বৌদ্ধপল্লি ও বৌদ্ধবিহার পরিদর্শন করে গতকাল প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এর সমালোচনা করে তিনি বলেন, ‘মূলত তিনি (প্রধানমন্ত্রী) তদন্ত দলকে নির্দেশ দিচ্ছেন বিএনপির স্থানীয় সাংসদের নাম তদন্তে অন্তর্ভুক্ত করতে। এ ধরনের বক্তব্যের কারণে তদন্ত প্রভাবিত হবে এবং তা নিরপেক্ষ হবে না।’তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দেওয়া রায়ের সমালোচনা করে রফিকুল ইসলাম মিয়া বলেন, বিচারপতি খায়রুল হক এ রায় দিয়ে শেখ হাসিনাকে খুশি করতে চেয়েছেন। কিন্তু তাঁর এ রায় দেশের জন্য অশনিসংকেত। এর ফলে যদি গণতন্ত্র বিনষ্ট হয় তাহলে তার দায়দায়িত্ব বিচার বিভাগকেই নিতে হবে।