ফরিদপুরে দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে দুই মাদক ব্যবসায়ীকে আজ সোমবার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান এ রায় দেন।যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন—সাতক্ষীরার কলারোয়া উপজেলার মো. আকবর আলী (২৫) ও জিয়াউল ইসলাম (৩২)। আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি মধুখালী উপজেলার মেছুডদিয়া গ্রামের একটি বাড়ি থেকে ৪৪ বোতল ফেনসিডিলসহ আকবর ও জিয়াউলকে গ্রেপ্তার করে মধুখালী থানার পুলিশ। পরে মাদক আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করেন মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান।